ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকে আওয়ামী লীগের 'জাল-মুক্ত' করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগেরই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তার বক্তব্য, এখন আওয়ামী লীগের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতৃত্ব তৈরি হচ্ছে। এমন ধারার অবসান ঘটিয়ে স্বাধীন সংগঠন হিসেবে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ বলেন, "ছ্ত্রালীগকে স্বাধীন সংগঠন হিসাবে গড়ে তুলতে হবে। একে আওয়ামী লীগের জাল থেকে মুক্ত করতে হবে। শৃঙ্খলমুক্ত করতে হবে ছাত্রলীগকে।"
ছাত্রলীগ আয়োজিত ওই আলোচনা সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "জানতে পেরেছি- আমাদের এক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে নিজ জেলায় পৌঁছানোর পর সেখানকার ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে স্বাগত জানাতে যায়নি বলে দু'জনকে শোকজ করা হয়েছে।"
১৯৭০ সালের নির্বাচনের সময় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা সৈয়দ আশরাফ বলেন, "এখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথামতো জেলায় ছাত্রলীগের কমিটি করতে হয়। আমার সময়ে আওয়ামী লীগের কোনো নেতা ছাত্রলীগের জেলা কমিটিতে কাউকে মনোনয়ন দিতে বলেননি।"
জেলহত্যা মামলার রায়ের সমালোচনা করে তিনি বলেন, "আমরা চার জাতীয় নেতার পরিবারের সদস্যরা ন্যায়বিচারও পাব না, আবার কথাও বলতে পারব না। এটা হতে পারে না। কাউকে না কাউকে সত্য কথা বলতে হবে।"
ছাত্রলীগ সভাপতি মাহমুদুর হাসান রিপণের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও আব্দুর রহমান।
ছাত্রলীগের এ আলোচনা সভার মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি পালন শেষ হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২০৪২ ঘ.
bdnews24