সিলেট, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের পুনর্নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার সকালে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরান পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। তার স্ত্রী আসমা কামরান পদত্যাগপত্রটি দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বরাবরে পাঠিয়ে দিয়েছেন।
এছাড়া তিনি দুপুর ১২টায় পদত্যাগপত্রের অনুলিপি সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জে এন বিশ্বাসের কাছে জমা দিয়েছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন িিবডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে মেয়র কামরানের পদত্যাগপত্রের অনুলিপি পেয়েছি।"
আসমা কামরান বলেন, "আজ (রোববার) সকালে মেয়র কামরান পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এরপর দলের ভারপ্রাপ্ত সভাপতির কাছে পদত্যাগপত্রের একটি অনুলিপি পাঠিয়েছি। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অনুলিপি দিয়েছি। এছাড়া নিজে উপস্থিত হয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে পদত্যাগপত্রের আরেকটি অনুলিপি জমা দিয়েছি।"
মায়ের মৃত্যুতে ১৮ আগস্ট প্যারোলে মুক্তির পর বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারে ফিরে কামরান অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
পুনর্নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের সম্পদ গোপন, জরুরি বিধিমালা ও কিচেন মার্কেট দুর্নীতি মামলায় তিনি জামিনে আছেন।
তাঁর বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা একটি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত আছে।
রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল এবং নয় পৌর সভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা ১১ সেপ্টেম্বরের মধ্যে শপথ গ্রহণের কথা রয়েছে।
স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী শপথ গ্রহণের আগে নির্বাচিতদের দলীয় পদ থেকে পদত্যাগের প্রমাণপত্র বিভাগীয় কমিশনারের কাছে জমা দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৬ ঘ.
bdnews24