ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের আচরণের জন্য দুঃখ প্রকাশকে নির্বাচন কমিশনের 'বিলম্বে সঠিক উপলব্ধি' বলে মনে করছে বিএনপি।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিলম্বে হলেও নির্বাচন কমিশনের সঠিক আত্ম উপলব্ধি হয়েছে।"
সিইসি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, "বিএনপির সঙ্গে আগের আচরণের জন্য আমরা দুঃখিত। এমনটা হওয়া উচিত ছিল না; ওটা ছিল একটা অঘটন।"
গত বছর ইসির প্রথম দফা সংলাপে বিএনপির অস্থায়ী কমিটি মনোনীত মহাসচিব হাফিজউদ্দিনের কাছে চিঠি পাঠানো হয়। তখন এর বিরোধিতা করে বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অংশ। বিষয়টি আদালতে গড়ালে ইসির সংলাপও দীর্ঘদিন ঝুলে থাকে।
পরে দ্বিতীয় দফা সংলাপে হাফিজউদ্দিনের পাশাপাশি খোন্দকার দেলোয়ারকেও চিঠি পাঠায় ইসি। সর্বশেষ তৃতীয়দফা সংলাপে মহাসচিব সম্বোধন করে বিএনপির চিঠি শুধু খোন্দকার দেলোয়ার হোসেনকেই পাঠানো হয়। এ দফায় হাফিজউদ্দিনকে চিঠি দেওয়া হয়নি।
নজরুল ইসলাম খান বলেন, "ইসি খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে চিঠি না দিয়ে যে ভুল করেছেন, তা এখন স্বীকার করেছেন- এই উপলব্ধির জন্য তাদের ধন্যবাদ জানাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৫১০ ঘ./
bdnews24