ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের আগে মুক্তি পাচ্ছেন না তারেক রহমান।
উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' এখন পর্যন্ত আদালতের নির্দেশের যে কয়েকটি কাগজ হাতে এসেছে, তা যাচাই করা হচ্ছে। অন্য কাগজপত্রগুলো আমাদের কাছে এখনো আসেনি। সবগুলোর হাতে পাওয়ার পর তা যাচাই করতে হয়। সেই হিসেবে তারেক রহমানের মুক্তি সোমবারের আগে হওয়ার সম্ভাবনা দেখছি না।''
তারেকের অন্যতম আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,''রোববারের মধ্যেই সবগুলোর মামলার জামিন সংক্রান্ত উচ্চতর আদালতের আদেশের অনুলিপিসহ অন্যান্য কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে। আনুষাঙ্গিক কার্য সম্পাদন শেষ করে তারেক রহমানের মুক্তি দ্রুত করার সর্বাত্মক চেষ্টা চলছে।''
তিনি জানান, উচ্চতর আদালত সবগুলো মামলায় তারেক রহমানকে জামিন দেওয়ায় কার্যত তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই। এখন কেবল প্রশাসনিক প্রক্রিয়ার জন্য সময়টুকু যাচ্ছে।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন কক্ষে চিকিৎসাধীন তারেক রহমারে শারীরীক অবস্থা সম্পর্কে চিকিৎসক অধ্যাপক কাজী মাজহারুল ইসলাম দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, "তারেকের কোমর ও মেরুদণ্ডের ব্যথা আগের মতোই আছে। তিনি বেশ দুর্বল।''
গত বছর ৮ মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে তিনি মা খালেদা জিয়ার প্রভাব খাটিয়ে ব্যাপক দুর্নীতি করেছিল বলে সেসময় পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা মামলা ধামাচাপা দেওয়াসহ ১৬টি মামলা দায়ের করে। এর মধ্যে দৈনিক দিনকালের পরিচালক সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি হয়েছে আগেই। বিচারাধীন ১২ টি মামলার সবগুলোতেই আদালত জামিন দিয়েছে তাকে। অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজবীবীরা বিরোধিতা করেনি।
বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারেক রহমানের মুক্তিপ্রক্রিয়ায় তীব্র বিরোধীতা করে তাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অ্যখ্যা করে বলেছে, তাকে ছেড়ে দিলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অন্যদের আটকে রাখার কোনো নৈতিক অধিকার সরকারের থাকে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/১৫৩১ ঘ.
bdnews24