২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমের চাঁদাবাজি মামলা কার্যক্রমের কারণ জানতে চেয়েছে হাইকোর্ট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ ব্যাখা করতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম কেনো অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ ব্যাখা করতে বলেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ছয় সপ্তাহের মধ্যে কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে। শেখ হাসিনার পক্ষে মামলার শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শফিক আহমেদ এবং সরকারের পক্ষে অংশ নেন অ্যাটর্নী জেনারেল সালাউদ্দিন আহমেদ। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে সংসদ ভবনে স্থাপিত বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে মামলাটির বিচার কাজ চলছে। এতে বাদি আজম জে চৌধুরীর জেরা চলছে। গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এর পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিসি/জিএনএ/১৭১৯ ঘ.