ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে দৃশ্যত সরে এসেছে বিএনপি নেতৃত্বাধীন চারদল।
বিচারাধীন সবগুলো মামলায় তারেকের জামিন লাভ ও বৃহস্পতিবার বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের পর কারাবন্দী জোটনেত্রীর সঙ্গে দেখা করে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান মুক্তি পেলেই বিএনপিসহ চারদল সরকারের সঙ্গে সংলাপে যেতে আগ্রহী।
দুপুর ১২টা ৪৭ মিনিটে খোন্দকার দেলোয়ার ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিশেষ কারাগারে ঢুকেন। বিকেল সাড়ে তিনটার দিকে তারা সেখান থেকে বেরিয়ে আসেন।
খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে কারাগারে দেলোয়ার ও মুজাহিদের এটিই প্রথম সাক্ষাৎ।
বিশেষ কারাগার থেকে বেরিয়ে এসে খোন্দকার দেলোয়ার জানান, খালেদা জিয়া সংলাপে ও নির্বাচনে অংশ নিতে চান সেজন্য সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। তিনি অসুস্থ্য তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারো অনুরোধ জানিয়েছেন।
রুগ্ন তারেককে বিদেশে না পাঠানোয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খালেদা জিয়া উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান দেলোয়ার।
খোন্দকার দেলোয়ার আরও বলেন, "বিএনপি নির্বাচনমুখী দল। অতীতের সব নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে, আগামী নির্বাচনেও অংশ নিতে চায়।"
দুই নেতার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উপ মহাপরিদর্শক শামসুল হায়দা ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোন্দকার দেলোয়ার ও মুজাহিদ খালেদা জিয়ার সঙ্গে বিশেষ কারাগারে দেখা করে বিকেল সাড়ে তিনটায় বেরিয়ে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/১৬৪০ ঘ.
bdnews24