ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ১৫ অক্টোবরের মধ্যে সব শর্ত পূরণ করে আওয়ামী লীগের পক্ষে নিবন্ধন করা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
তিনি সোমবার বলেছেন, "দলীয় কাউন্সিল না করে নিবন্ধনের শর্ত পূরণ করা যাবে না। আর জরুরি অবস্থার মধ্যে স্বল্প সময়ে আমাদের পক্ষে জাতীয় কাউন্সিল করা সম্ভব নয়।"
জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা শেষে আমু সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে।
আমু সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনার জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে চিঠি দিয়েছি। আশা করছি, আলাপ-আলোচনার মাধ্যমে নিবন্ধনের বিষয়েও একটি সমাধান আসবে। আলোচনায় সমঝোতা না হলে নিজেরাই আলোচনা করে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেব।"
একই সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "আমরা নিবন্ধনের বিপক্ষে নই। তবে নির্বাচনের আগ মুহূর্তে এই নিবন্ধন প্রক্রিয়া কালক্ষেপণ ছাড়া কিছুই নয়।"
তিনি বলেন, "নিবন্ধন করতে হলে দলের গঠনতন্ত্র সংশোধন করতে হবে। জরুরি অবস্থায় তা সম্ভব নয়।"
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমু ও সুরঞ্জিত।
পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূহ-উল আলম লেনিন, শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
পরে আওয়ামী লীগ নেতারা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে রাজনৈতিক দল নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
এ সময়সূচি অনুযায়ী, রাজনৈতিক দলগুলোকে ২৭ আগস্ট থেকে ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করতে হবে। নতুন আইন অনুযায়ী, স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে হলে দলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে।
সংবাদ সম্মেলনে সিইসি বলেন, রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য কাউন্সিল অনুষ্ঠান করতে সারাদেশে জরুরি অবস্থা শিথিল করা প্রয়োজন। কোনো দল এ ব্যাপারে অনুরোধ করলে ইসি সরকারকে জরুরি অবস্থা শিথিল করতে বলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24