২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভেদ মিটিয়ে ফেলার দাবি করেছে বিএনপির দু'পক্ষ

বিভেদ মিটিয়ে এক হওয়ার দাবি করেছেন বিএনপির দেলোয়ার ও হাফিজপন্থী সাবেক সাংসদরা। আগামী ২৭ আগস্ট খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তারা একসঙ্গে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 05:16 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভেদ মিটিয়ে এক হওয়ার দাবি করেছেন বিএনপির দেলোয়ার ও হাফিজপন্থী সাবেক সাংসদরা। আগামী ২৭ আগস্ট খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তারা একসঙ্গে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে সাবেক সাংসদ সেলিম রেজা হাবিবের বাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত বিএনপির দু'পক্ষের অর্ধ শতাধিক সাবেক সাংসদের মধ্যে ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, আ ন ম এহছানুল হক মিলন, জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ রেজাউল বারি ডিনা, মো. শাহজাহান, আব্দুল হাই, গিয়াস কাদের চৌধুরী, ফজলুল হক আসপিয়া, সেলিম রেজা হাবিব, মোহাম্মদ আলী, জয়নাল আবেদিন ফারুক, গাজী মো. শাহজাহান জুয়েল, ইলিয়াস আলী, আবদুল মোমিন তালুকদার, আবুল খায়ের ভূঁইয়া, হারুন অর রশীদ, ইলেন ভূট্টো, খায়রুল কবীর খোকন প্রমুখ। বৈঠক শেষে গাজী মো. শাহজাহান জুয়েল সাংবাদিকদের বলেন, "বিএনপিতে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। সিনিয়র নেতারও ভবিষ্যতে ঐক্যবদ্ধ হবেন।" ইলিয়াস আলী সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির সাবেক সাংসদরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীতে আন্দোলন কর্সসূচিতে একসঙ্গে অংশ নেব।" খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বেই সাবেক সাংসদরা ঐক্যবদ্ধ আছেন বলেও দাবি করেন তিনি। এর আগে গত বুধবার সাবেক সাংসদ শাহ নূরুল কবীর শাহীনের বাসাতেও বিএনপির দুই অংশের সাবেক সাংসদদের একই ধরনের একটি বৈঠক হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএনডি/জেকে/২৩০৪ ঘ.