যশোর, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে দলীয় কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেন।
নেতৃত্বের কোন্দলের জের ধরে কর্মীদের হাতে আরও লাঞ্ছিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
শনিবার দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) জেলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। এতে দলের সভাও পণ্ড হয়ে যায়।
জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, সভায় মাওলানা সাখাওয়াত হোসেন বক্তৃতা দেওয়ার সময় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে দলীয় কর্মীরা তাদের ওপর চড়াও হয়।
এ সময় তাদেরকে থামতে বলা হলে জেলা সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক জহিরুল হককে প্রহার করে কর্মীরা। তাদের ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হন মাওলানা সাখাওয়াত।
জাপার প্রেসিডিয়াম সদস্য মাওলানা সাখাওয়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু উচ্ছৃঙ্খল কর্মী সভায় বিশৃংখলা সৃষ্টি করে। ঘটনাটি নিন্দনীয়।"
গত ১২ আগস্ট কেশবপুর উপজেলা সদরে এএসএইচকে সাদেক মিলনায়তনে এক অনুষ্ঠানে এরশাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সাখাওয়াত জাতীয় পার্টিতে যোগ দেন।
পরে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য এবং আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত করার পাশাপাশি যশোর জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
বহুদল বদলকারী মাওলানা সাখাওয়াত ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে যশোর-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে মেয়াদ উত্তীর্ণের কয়েক মাস আগে তিনি যোগ দেন বিএনপিতে। ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারির নির্বাচনে সাখাওয়াত বিএনপির মনোনয়ন নিয়ে সাংসদও নির্বাচিত হয়েছিলেন। সে সময় তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়। ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী এএসএইচকে সাদেকের কাছে পরাজিত হন।
২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে মাওলানা সাখাওয়াত নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ওই নির্বাচনেও এএসএইচকে সাদেকের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করে।
রাজনীতিতে দীর্ঘ দিন নিষ্ক্রিয় থাকার পর চারদলীয় জোট সরকারের ক্ষমতার শেষ সময়ে এসে মাওলানা সাখাওয়াত যোগ দেন বিকল্প ধারায়। পরে আবারও দল বদল করে পাড়ি জমান ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগ্রেসিভ ডেমক্রেটিক পার্টিতে (পিডিপি)। সর্বশেষ যোগ দিলেন জাতীয় পার্টিতে।
মাহবুব আলম বাচ্চুকে লাঞ্ছিত করার ব্যাপারে জাপার অপর অঙ্গ সংগঠন ছাত্র সমাজের জেলা সম্পাদক নাদিম উদ্দিন জানান, বিকেলে পার্টি কার্যালয়ে সভা করে তাকে (বাচ্চুকে) অব্যাহতি দেওয়ার জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর আগে যুব সংহতি তাকে অবাঞ্চিত ঘোষণা করে।
১১ আগস্ট জেলা জাপার কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৩ আগস্ট মাহবুব আলম বাচ্চুকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/
bdnews24