২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনের বিধান রেখে উপজেলা নির্বাচন বিধিমালার খসড়া তৈরি

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করে নির্বাচনী বিধিমালার খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করে নির্বাচনী বিধিমালার খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "খাসড়াটি চূড়ান্ত করা হয়েছে। আজকালের মধ্যে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।" তিনি বলেন, "নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে পুলিশের মতো বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছে এ খসড়ায়। তবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হবে না।" নির্বাচন কমিশনার বলেন, "অতীতে জাতীয় নির্বাচনগুলোর মতো এবার উপজেলা নির্বাচনেও সেনাবাহিনীর সহায়তা লাগবে। তবে সেনাবাহিনী ভোটকেন্দ্রে থাকবে না, স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।" উপজেলা নির্বাচনের খসড়া বিধিমালায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় নির্বাচন কমিশন এবারই প্রথম পুলিশ ও আনসারের সঙ্গে বাংলাদেশ রাইফেলস, কোস্টগার্ড ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে অন্তর্ভুক্ত করেছে। খসড়ায় ভোটার সংখ্যার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচনী ব্যয় নির্ধারণ, প্রার্থীর হলফনামায় ৭টি তথ্য বাধ্যতামূলক, জাল ভোট দিলে ছয় মাস থেকে তিন বছর কারাদণ্ডের বিধান করার কথা বলা হয়েছে এবং নির্বাচনী বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনের হাতে রাখা হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় ভোটার না হলে উপজেলা নির্বাচনে ভোট দিতে বা প্রার্থী হতে পারবেন না। সরকার গত ৩০ জুন উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি করে। এর ভিত্তিতেই এ খসড়া বিধিমালা তৈরি করা হয়েছে। কমিশন সচিবালয়ের আইন শাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খসড়া বিধামালায় মোট ৯৮টি ধারা রয়েছে। মন্ত্রণালয়ে যাচাইবাছাই শেষে হাতে পাওয়ার পর তা প্রজ্ঞাপন আকারে জারি করবে ইসি। এই বিধিমালা অনুসরণে নির্বাচনী আচরণ বিধিমালা তৈরি করা হবে। অক্টোবরের শেষভাগে তিন শতাধিক উপজেলায় নির্বাচন করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/জিএনএ/১৭২৭ ঘ.