ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের জানাজা শেষে সিলেটের পুনর্নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
জানাজায় অংশ নিতে মেয়র কামরানকে সোমবার ছয় ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়।
সিলেট কারগারের জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মায়ের জানাজায় অংশগ্রহণ ও শেষ শ্রদ্ধা জানাতে কামরানকে ৬ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সময় শেষ হওয়ার পর বিকেল ৪টায় তাকে আবার সিলেট কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।"
তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টায় প্যারোলে মুক্তির প্রস্তুতি হিসেবে তাকে কুমিল্লা কারাগার থেকে সিলেট কারাগারে নিয়ে আসা হয়।
ওই দিন কামরানের মা নুরুন্নেসা খানম লালন (৮৪) রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
আমাদের সিলেট প্রতিনিধি জানান, সকাল ১০টায় পুলিশের একটি পাজেরো জিপে করে কামরানকে তাঁর মাছিমপুর এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়। বাসভবনের গেটে পৌঁছে তিনি কাঁদতে কাঁদতে গাড়ি থেকে নামেন। ঘরে ঢুকে তিনি মায়ের লাশের পাশে বসে বিলাপ করেন।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারি, নির্বাচিত কমিশনার এবং এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
সিটি নির্বাচনে মেয়রের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আ ফ ম কামাল ও এম এ হক কামরানের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন।
দুপুর ১২টার দিকে মেয়র কামরানের মা নুরুন্নেসা খানম লালনের মরদেহ সিলেট নগরীর নয়াসড়কের জামে মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে জোহরের নামাজের পর তার জানাজা হয়।
জানাজা পড়ান কাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিন উদ্দিন। জানাযার নামাজে অংশ নেন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক, সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
এরপর হযরত মানিক পীর (রহ.) মাজারের কবরস্থানে তাকে দাফন করা হয়। এই কবরস্থানে কামরানের বাবাকে কবর দেওয়া হয়েছিল।
দাফন শেষে কামরান পুলিশ পাহারায় বাসায় ফেরেন। সেখানে গিয়ে তিনি কিছুক্ষণ বিশ্রাম এবং দুপুরের খাবার খান। পৌনে চারটার দিকে পুলিশ কামরানকে তাঁর বাসভবন থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসে।
জেলার মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ রাতে (সোমবার) মেয়র কামরানকে কুমিল্লা কারাগারে নেওয়া হতে পারে।
তবে রাত ৮টার দিকে কারারক্ষী হাবিবুর রহমান জানান, কামরান কারাগারে আছেন। তাকে রাতে সিলেট কারাগারেই রাখা হবে।
গত ৪ আগস্ট সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কারাগারে বন্দিবস্থায় আওয়ামী লীগের প্রার্থী কামরান দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।
গত বছরের ২৮ মে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএম/এফএফ/জিএনএ/এমএসবি/২০১১ ঘ.
bdnews24