ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির মেয়াদ সরকার আবারো বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত এক চিকিৎসক।
হাসিনার ব্যক্তিগত চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী রোববার সাংবাদিকদের বলেন,"যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার চিকিৎসা চালাতে আগ্রহী হলেও সেপ্টেম্বরের শেষে তিনি দেশে ফিরতে চান।"
হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ ৬ সেপ্টেম্বর শেষ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া হলে অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি সরকার তার মুক্তির মেয়াদ বাড়াবে।"
শেখ হাসিনার অনুরোধে মোদাচ্ছের ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে ছিলেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার বিভিন্ন বিষয় সমন্বয় করেছেন বলে সাংবাদিকদের জানান।
সৈয়দ মোদাচ্ছের আলী জানান, সাবেক প্রধানমন্ত্রী কম্পিউটার ব্যবহারের পাশাপাশি পত্রিকা পড়ছেন এবং টেলিভিশনে খবর দেখছেন। তবে সাধারণত তিনি কারো সঙ্গে দেখা করেন না বা ফোন ধরেন না।
অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের রোববার দুপুরে রাজধানীর মজিবুন্নেসা আই হাসপাতালে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স হাসপাতালের উইলমার আই ইন্সটিটিউটের পরিচালক হ্যারি এ কুইগলির অধীনে শেখ হাসিনার চিকিৎসা চলছে।
শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী চোখ, কান, রক্তচাপের ওঠানামা ও এলার্জির সমস্যায় ভুগছেন। তার ডান চোখ ঠিক থাকলেও বাম চোখের দৃষ্টিশক্তি শতকরা ২০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম কান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান কানে শুনতে পান শ্রবণযন্ত্র দিয়ে। তবে, শ্রবণযন্ত্র দু'ঘণ্টার বেশি কানে রাখতে পারেন না তিনি।"
সৈয়দ মোদাচ্ছের আলী জানান, শেখ হাসিনার রক্তচাপ এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলার্জি কমে গেলেও এখনো পুরোপুরি ঠিক হয়নি।
শেখ হাসিনাকে কতদিন চিকিৎসার জন্য দেশের বাইরে থাকতে হবে জানতে চাইলে তিনি বলেন, "ওখানকার চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা করতে চান। তার বাম চোখে একটা অপারেশন লাগতে পারে। চিকিৎসা শেষ করতে আরো ছয় মাস সময় লাগবে। তবে, সেপ্টেম্বরের শেষে উনি চলে আসতে পারেন।"
যুক্তরাষ্ট্রে হাসিনার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কিনা- জানতে চাইলে মোদাচ্ছের আলী বলেন, "শেখ হাসিনা মনে করেন, বাংলাদেশে সন্ত্রাস হলে এর প্রভাব দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পড়বে। ধর্ম নিরপেক্ষ যে কোনো গণতান্ত্রিক সরকার সন্ত্রাস নির্মূল করতে পারে। অসাংবিধানিক সরকার ক্ষমতায় থাকলেই সন্ত্রাসের জন্ম হয়।"
তিনি দাবি করেন, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১১ মাস জেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হওয়ায় হাসিনার শারীরিক অবস্থা খারাপের দিকে গেছে।
তিনি বলেন, " আমার রোগীর এ অবস্থার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আমি মামলা করব। মেডিকেল এথিক্সের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে।"
শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/জিএনএ/১৬৪৪ ঘ.
bdnews24