২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন, মোশাররফ, আলতাফ, ওবায়দুল ও সালাউদ্দিনের জামিন

বিভিন্ন মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিভিন্ন মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের দুটি বেঞ্চ তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মেয়র মহিউদ্দিনকে আয়কর ফাঁকির মামলায় তিন মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ। আদালত মেয়র মহিউদ্দিনের পাসপোর্ট ফেরত দেওয়ারও নির্দেশ দেয়। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি কেন বাতিল করা হবে না সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তা জানতে চেয়েছে আদালত। আগামী ছয় সপ্তাহের মধ্যে আদেশের জবাব দিতে বলা হয়েছে। গত ৫ জুলাই মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা আয়কর ফাঁকির অভিযোগে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে মামলা করে এনবিআর। মামলাটির বৈধতা নিয়ে মহিউদ্দিনের পক্ষে যুক্তিতর্ক করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। এনবিআরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এদিকে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ কাকলী স্কুলের জমি ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে দুই মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। আদালত মামলাটির কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আদেশ দিয়েছে আদালত। আদালতে তার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আলতাফ হোসেন চৌধুরীকে হাইকোর্টের একই বেঞ্চ অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় দুই মাসের জামিন ও মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে দিয়েছে। একইসঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানতে চেয়ে সরকার ও কমিশনের প্রতি রুল জারি করা হয়েছে। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদীন। হাইকোর্টের একই বেঞ্চ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় দুই মাসের জামিন দিয়েছে। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইনায়েতুর রহিম। বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদকেও ত্রানের টিন ও কাপড় আত্মসাত দুর্নীতির মামলায় দুই মাসের জামিন ও মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে দেয় হাইকোর্টের এই বেঞ্চ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জিএনএ/২১৫১ ঘ.