ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারো কারচুপির অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ঘোষিত বেসরকারি ফলাফল বাতিল করে গেজেট প্রকাশ স্থগিত রাখার দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী মো. সরফুদ্দিন আহমেদ সান্টু।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে তিনি বলেন, "নির্বাচনে আমি বেশি ভোট পেয়ে জয়ী হয়েছি। কিন্তু জালিয়াতির মাধ্যমে ভোটের হিসাব পরিবর্তন ও কারচুপির মাধ্যমে আমার প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়েছে।"
গত সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিবি) নেতা সান্টু তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে শেষ পর্যন্ত ৫৮৮ ভোটে হেরে যান আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের কাছে।
টেলিভিশন প্রতীক নিয়ে হিরণ পান ৪৬৭৯৬ ভোট। সান্টু (ছাতা) পেয়েছেন ৪৬২০৮ ভোট।
পরাজিত হওয়ার পর থেকেই সান্টু কারচুপির মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে আসছেন।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সান্টু বলেন, "এই নির্বাচনে প্রকৃত অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে খোদ নির্বাচন অফিসে।" তিনি বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃর্নিবাচন দাবি করেন।
সান্টু বলেন, "বরিশালে যা ঘটে গেছে তাতে নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে এবং এরফলে ১/১১ এর প্রত্যাশা সম্পূর্ণরূপে ধুলিসাৎ হতে চলেছে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিডিবির মহাসচিব নূর মোহাম্মদ খান, কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন রফিকুল হোসেন, নাজমূল আহসান, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দীন, জামালউদ্দিন জামাল, গুলজার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/১৭৪০ ঘ.
bdnews24