ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির দায়ে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তাকে ৭৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তা দিতে ব্যর্থ হলে তাকে আরও দেড় বছর সাজা ভোগ করতে হবে।
সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার এ রায় দেন। তবে মহিউদ্দিন এখনো পলাতক।
রায়ে আদালত তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর করার কথা বলেছেন।
কর ফাঁকির অভিযোগে গত ১১ জুন মহিউদ্দিনের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মোহাম্মদ ওয়হিদুল্লাহ খান মামলাটি করেন।
এতে অভিযোগ আনা হয়, ২০০৩-০৪ করবর্ষে মো. মহিউদ্দিন দুই কোটি ৪৪ লাখ টাকার উপর প্রযোজ্য ৬০ লাখ ৭৩ হাজার ৮৮২ টাকার কর ফাঁকি দিয়েছেন।
এর আগে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের আরেক মামলায় মহিউদ্দিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসএনডি/১৬৪২ ঘ.
bdnews24