২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে নিজামীর রিটের শুনানি শেষ

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর করা রিট আবেদনের ওপর শুনানিগ্রহণ শেষ করেছে হাইকোর্ট। বুধবার এর ওপর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর করা রিট আবেদনের ওপর শুনানিগ্রহণ শেষ করেছে হাইকোর্ট। বুধবার এর ওপর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চ মঙ্গলবার রিটটির ওপর শুনানিগ্রহণ শেষ করে। মতিউর রহমান নিজামী গত ১৭ জুলাই গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। ২০ জুলাই বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ রিটের ওপর শুনানিগ্রহণে বিব্রতবোধ করে সেটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। এরপর রিটটি বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে পাঠানো হলে ওই বেঞ্চ ৩১ জুলাই কোনো আদেশ না দিয়ে আবার সেটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। আবেদনটি এরপর বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের বেঞ্চে পাঠানো হলে মঙ্গলবার এর ওপর শুনানিগ্রহণ শেষ হয়। নিজামীর আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, রিটটির ওপর শুনানিগ্রহণ শেষ হয়েছে। বুধবার এর ওপর আদেশ দেবেন হাইকোর্ট। আদালতে শুনানিতে তিনি বলেন, মামলাটি দায়েরের ২৫১ দিন পর অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। ব্যারিস্টার রাজ্জাক আরো বলেন, "রুল অব বিজনেজ অনুযায়ী নিজামী মন্ত্রী থাকাকালীন কাজ করেছেন। তিনি কোনো অপরাধ করেননি।" গ্যাটকো দুর্নীতি মামলায় গত ১৪ জুলাই হাইকোর্ট নিজামীকে জামিন দেয়। পরদিনই মুক্তি পান তিনি। অনিয়মের মাধ্যমে গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজ দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। এ বছর ১৩ মে খালেদা জিয়া, মতিউর রহমান নিজামীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৪৪ ঘ.