২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামালের বিরুদ্ধে অভিযোগপত্র

দুর্নীতির মামলায় চট্টগ্রামের আনোয়ারার এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতির মামলায় চট্টগ্রামের আনোয়ারার এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশন, চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। তদন্তে সরওয়ার জামাল নিজামের স্ত্রী নাজনীন নিজামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বর্তমানে কারাগারে আছেন। জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৮ ফেব্র"য়ারি সরওয়ার জামাল এবং তার স্ত্রী নাজনীনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় একটি দুর্নীতির মামলা করেন দুর্নীতি দমন কমিশন- দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের আদালত পরিদর্শক মো. ওবায়দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরওয়ার জামাল ৪ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৪১৮ টাকার সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন। দুদকের তদন্তে ১ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩২৭ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং ৭১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকার সম্পদ গোপনের বিষয়টি ধরা পড়েছে। গত বছর ২২ জুন চট্টগ্রাম ক্লাবের সামনে থেকে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেপ্তার হন সরওয়ার জামাল নিজাম। একই বছরের ৯ সেপ্টেম্বর তার কাছে সম্পদ বিবরণী তলব করে দুদক। সে অনুযায়ী ২ অক্টোবর চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে তিনি ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১২ ঘ.