আবু নোমান সজীব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক, রাজশাহী থেকে
রাজশাহী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ পর্যায়ে এসে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী।
আর এর ফলে ভোটের হিসাব-নিকাশ পাল্টে গেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা।
এতদিন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটনের সঙ্গে ভারপ্রাপ্ত মেয়র ও বিএনপি নেতা রেজাউন নবী দুদুর প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবা হলেও এখন জামায়াতের সমর্থন নিয়ে লিটনের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন বিএনপিরই আরেক নেতা বুলবুল।
এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও সভা-সমাবেশ করে বুলবুলকে জামায়াতের সমর্থন ঘোষণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিটন।
রোববার দুপুরে মহানগর কমিটির বৈঠক শেষে মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলীয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় জামায়াত। পরে নগরীর সোনাদীঘির মোড়ে বুলবুলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা বুলবুলের প্রতি আনুুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে।
রাজশাহী মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ইমাজউদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকমান্ড আমাদের বলেছে, দলের জন্য ভালো এমন কাউকে সমর্থন দেওয়ার জন্য। আমরা শূরা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুলবুলকে সমর্থন দিয়েছি।"
নিষেধাজ্ঞার মধ্যে সভা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করে খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদলীয় জোট আজ বৈঠক করে যে সমর্থন ঘোষণা করেছে, তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কারণ ওই বিধিতে বলা আছে, শনিবার রাত ১২টার পর থেকে সব প্রকার প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। কিন্তু তারা বৈঠক করে নির্বাচনী কার্যালয়ে লোকসমাগমের মাধ্যমে সমর্থন ঘোষণা করেছে। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ করবো।"
জামায়াতের সমর্থন বুলবুলের অবস্থানকে শক্তিশালী করবে কীনা- প্রশ্ন করা হলে জামায়াতের এই ঘোষণাকে পরিপূর্ণ সমর্থন বলা যাবে না বলে মন্তব্য করেন লিটন। তিনি বলেন, মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের বৈঠকে ছিলেন না। " বুলবুলকে সমর্থন করা নিয়ে আতাউর রহমান এবং দলের মহানগর সেক্রেটারি আবুল কালাম আজাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে- বলেছেন লিটন।"
তবে বিষয়টি নাকচ করে জামায়াত নেতা ইমাজউদ্দিন বলেন, "আমাদের মধ্যে কোনও প্রকার বিভক্তি নেই। শূরা কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে বুলবুলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
মহানগর আমির রোববারের সভায় উপস্থিত ছিলেন এবং তিনিই সভাপতিত্ব করেছেন বলে উল্লেখ করেন ইমাজউদ্দিন।
জামায়াতের সমর্থন পাওয়ার পর মোসাদ্দেক হোসেন বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে স্থানীয় বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। এখন স্থানীয় চারদলীয় জোটের সমর্থনও পেলাম। আমাদের মধ্যে এখন আর কোনও বিভক্তি নেই।"
তিনি বলেন, "দীর্ঘদিন ধরে রাজশাহীতে বিএনপি-জামায়াতের অবস্থান অন্যদের তুলনায় সংহত। এবারও আমরা শুধু একসঙ্গে নির্বাচনই করবো না, নির্বাচনী কৌশলও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রণয়ন করবো।"
রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজশাহীতে জামায়াতের কমপক্ষে ২০-২৫ হাজার ভোট রয়েছে। তাই জামায়াতের সমর্থন পেয়ে বুলবুল ভাইয়ের জয় এখন অনেকটাই নিশ্চিত।"
তবে জামায়াতের সমর্থন বুলবুলের দিকে গেলেও হাল ছাড়ছেন না বিএনপির অপর নেতা রেজাউন নবী দুদু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনও নির্বাচনী লড়াইয়ে ভালোভাবেই টিকে আছি বলে মনে করি। কারণ এই সময়ে এই রকমের সমর্থন কতটা কাজে দেবে, তা নিয়ে প্রশ্ন আছে।"
এর আগে দুদুর পক্ষ থেকে জামায়াতের সমর্থন চাওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়- সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমি জামায়াতের কাছ থেকে সমর্থন চাইনি। আমি সমর্থন চেয়েছি সৃষ্টিকর্তার। সে কারণেই ভোটাররা আমার পাশে আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/এসকে/১৬১১ঘ.
bdnews24