ঢাকা, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শনিবার দিবাগত মধ্যরাতের পর দেশে ফিরে এসেছেন।
রাত ১২টা ২০ মিনিটে তাকে বহনকারী মালয়েশীয় এয়ারলাইনের বিমানটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিমানবন্দরের একজন কর্মী জানিয়েছেন।
ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুর রহমান অসুস্থ এবং ঢাকায় অবতরণ করার পরপরই তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আনোয়ার হোসেন বলেন, সাবেক মন্ত্রী আগে থেকেই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় ভুগছিলেন। এছাড়া তার উচ্চ রক্তচাপ ও বহুমূত্রের সমস্যা রয়েছে।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মী আওলাদ আহমেদ জানান, সাইফুর রহমানকে হুইল চেয়ারে করে নামিয়ে এনে একটি গাড়িতে বাইরে নিয়ে যাওয়া হয়।
গত মে মাসের প্রথম সপ্তাহে আলোচিত গ্যাটকো মামলায় অভিযোগপত্র দেওয়ার আগের দিনই সিঙ্গাপুরের উদ্দেশে দেশত্যাগ করেন সাইফুর রহমান। মামলায় তাকে পলাতক দেখানো হয়। গ্যাটকো মামলায় খালেদা জিয়া ও সাইফুর রহমানসহ মোট ২৪ জন আসামি। এতে গ্যাটকো নামে একটি কোম্পানিকে অনিয়মের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুর স্টেশনের কন্টেইনার ডিপো হ্যান্ডলিংয়ের কাজ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। এ মামলায় খালেদা ও সাইফুর ছাড়া সবারই জামিন হয়েছে।
দেশত্যাগের আগে সাইফুর রহমান বলেছিলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ এবং দলের স্থায়ী কমিটির ২০০৭ সালের ২৯ অক্টোবরের বৈঠকের কার্যকারিতা আর নেই।
ঐ বিতর্কিত বৈঠকেই কথিত সংস্কারপন্থীরা সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেজর (অব:) হাফিজউদ্দীন আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/০১৫০ঘ.
bdnews24