২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র কামরান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সিলেটের মেয়র কারাবিন্দ বদরউদ্দিন আহমদ কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

সিলেট, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় সিলেটের মেয়র কারাবিন্দ বদরউদ্দিন আহমদ কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেটের উপ পরিচালক মো. নাসিরউদ্দিন। মেয়র কামরান বর্তমানে কুমিল্লা কারাগারে বন্দি রয়েছেন। তিনি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আবারও প্রার্থী হয়েছেন। অপর আসামি আসমা কামরানকে পলাতক দেখানো হয়েছে অভিযোগপত্রে। দুদকের উপ-পচিালক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মেয়র কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে ২০০৮ সালের ৬ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় মামলা করে দুদক। তদন্তে মেয়র কামরান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত-আয় বহির্ভূত দুই কোটি ২২ লাখ ৩১ হাজার ৭৮৬ টাকা দুই পয়সার সম্পদ অর্জন এবং সাত লাখ ২১ হাজার ১১৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগের প্রমাণ পাওয়ার পর এ অভিযোগপত্র দেওয়া হল। দুদক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তাদের অভিযুক্ত করা হয়েছে। ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে দাখিল করা সম্পদে হিসাব বিবরণীতে মেয়র কামরান ও তার স্ত্রী দুই কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৬১৪ টাকার সম্পদ উল্লেখ করেছিলেন। মেয়র কামরানকে ২০০৭ সালের ২৮ মে মাসে যৌথ বাহিনী আটক করে। পরে তার বিরুদ্ধে মাদক আইন ও জরুরি বিধিমালায় দুটি মামলা করা হয়। এর আগে কিচেন মার্কেট দুর্নীতি মামলায় ওই বছর ৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হলেও ৮ মে তিনি জামিনে মুক্তি পান। কিচেন মার্কেট মামলা ও মাদক মামলা উচ্চ আদালতের নির্দেশে বর্তমানে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.