২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি মেনে চলতে সিলেটে প্রার্থীদের সতর্ক করল প্রশাসন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

সিলেট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে সভা করেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় বাবরুল হোসেন বাবুল ছাড়া ১৩ মেয়রপ্রার্থী উপস্থিত ছিলেন। আরেক মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান জেলে থাকায় তার পক্ষে স্ত্রী আসমা কামরান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের উপস্থিতিতে সভায় মেয়রপ্রার্থী হাবিবুর রহমান হিরন ও ছালাহ উদ্দিন রিমন অভিযোগ করেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচন কালো টাকার প্রভাবমুক্ত হচ্ছে না। বস্তি এলাকায় ভোট কেনার জন্য কেউ কেউ টাকা দিচ্ছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, "এখন থেকে বস্তি এলাকায় গোয়েন্দা মনিটরিং চলবে। টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।" বিভাগীয় কমিশনার ড. জাফর আহমদ খান বলেন, "সিলেটের ১২০টি কেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের অভিযোগ জমা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দু'টি কেন্দ্র খোলা হবে।" সভায় মেয়রপ্রার্থীদের মধ্যে এম এ হক, আবদুল মুকিত খান, সৈয়দ আলী আফসার, আ ফ ম কামাল, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, হাবিবুর রহমান হিরন, ছালা উদ্দিন রিমন, মুহিবুর রহমান, বশির আহমদ, আবদুস সামাদ নজরুল, কুনু মিয়া, ড. কাজী কামাল ও কুতুব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সিলেট নগরীর ২৭টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডের দুই শতাধিক কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন সভায়। নির্বাচনের রিটার্নিং অফিসার খন্দকার মিজানুর রহমান নির্বাচনের ৩২ ঘণ্টা আগে মিছিল-সমাবেশ বন্ধ করার অনুরোধ জানান। এছাড়া, নির্বাচনের দিন কেন্দ্রের চারশ গজের মধ্যে ক্যাম্প স্থাপন না করারও নির্দেশ দেন তিনি। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী আগামী চার আগস্ট একই দিন চার সিটি করপোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএসবি/২০৪৪ ঘ.