ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ বাতিল না করে সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আদেশ সংশোধনের প্রস্তাবে কেউ সন্তোষ প্রকাশ করলেও কেউবা এ উদ্যোগ পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তারা এ বিষয়ে একমত, ওই আদেশ বাতিল করা বর্তমান সরকারের কর্তৃত্ব বহির্ভূত কাজ।
উপদেষ্টা পরিষদ গত ১৩ জুলাই ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ নীতিগতভাবে অনুমোদন করে। এর পর থেকেই রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করে আসছে। নির্বাচন কমিশনও (ইসি) বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল না করে সংশোধনের পক্ষে মত দেয়।
তবে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন পরে সাংবাদিকদের জানান, সংশোধিত আদেশে উপদেষ্টা পরিষদে অনুমোদিত নির্বাচনী আইনের (গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮) সব বিধান বহাল থাকবে।
ইসির বর্তমান প্রস্তাবের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার প্রথমে যা করতে যাচ্ছিল, তা অন্যায়। এখন তারা ভুল সংশোধন করেছে। সরকার ইচ্ছামতো সব কাজ করতে যাচ্ছিল। কিন্তু,বাস্তবতা মেনেই তাদের সব কিছু করতে হবে।"
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিল না করে সংশোধনের পক্ষে।
তিনি বলেন, "সংসদের কোনও আইনকে একটি অধ্যাদেশের মাধ্যমে রহিত করা যায় না। খুব বেশি হলে সংশোধন করা যায়।"
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "এ ধরনের আইন করার এখতিয়ার অনির্বাচিত সরকারের নেই। কিছু করতে হলে সংসদের মাধ্যমে করতে হবে।"
তবে সংসদ ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনও বিএনপি সমর্থন করে না বলে গয়েশ্বর জানান।
তিনি বলেন, "নির্বাচন কমিশনের উচিৎ হবে, এ বিষয়ে আর হাত না দিয়ে সবার আগে সংসদ নির্বাচনের জন্য মনোযোগী হওয়া।"
বর্তমান নির্বাচন কমিশন গত বছর মার্চে নির্বাচনী আইন সংস্কারের কাজে হাত দেয়। চলতি বছরের জুনে সংস্কার প্রস্তাবসহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠায় ইসি। এরপর উপদেষ্টা পরিষদ তা নীতিগত অনুমোদন করে।
রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক এবং নির্বাচনে 'না' ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন নিষিদ্ধ করা হয়। এ অধ্যাদেশ অনুযায়ী, বিলখেলাপি, ঋণখেলাপি ও আদালতে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। কোনও প্রার্থী তিনটির বেশি আসনে নির্বাচন করতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এমআই/জেকে/১৭৩০ ঘ.
bdnews24