২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন খালেদা

খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে 'জিয়া অরফানেজ ট্রাস্টের' টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদে 'জিয়া অরফানেজ ট্রাস্টের' টাকা আত্মসাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। এ মামলায় কমিশনের তদন্ত কর্মকর্তারা বুধবার আইনজীবীদের উপস্থিতিতে সাবেক খালেদা জিয়াকে বিশেষ কারাগারে এবং তার বড় ছেলে তারেক রহমানকে হাসপাতালের কারাকক্ষে জিজ্ঞাসাবাদ করেন। খালেদার আইনজীবী মাহাবুবউদ্দীন খোকন সাংবাদিকদের বলেন, "তদন্ত কর্মকর্তা খালেদা জিয়াকে ট্রাস্টের টাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন- এটা ১৫ বছর আগের ঘটনা- আমার পরিবারকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার মামলাটি দায়ের করেছে।" ব্যারিস্টার খোকন বলেন, "খালেদা জিয়া দুদক কর্মকর্তার কাছে জানতে চান যে, অরফানেজের দলিলপত্রে তার কোনও স্বাক্ষর রয়েছে কী না। অথবা ব্যাংক থেকে টাকা ছাড় করানোর সময় তার কোনও অনুমোদন রয়েছে কী না। তিনি এ ধরনের কাগজপত্র দেখতে চাইলে তদন্ত কর্মকর্তা দেখাতে পারেননি।" গত বৃহস্পতিবার কমিশন তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানালে রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানি অনুমতি দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা, কমিশনের উপ-সহকারী পরিচালক হারুন অর রশীদ প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তারেক রহমানকে বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অন্য কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। রাত পৌনে ৮টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে আসেন। দুজনকেই জিজ্ঞাসাবাদের তাদের আইনজীবী হিসাবে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিষ্টার নওশাদ জামিল ও অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। তারেক রহমানও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন বলে তারা জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ তদন্তের স্বার্থে কিছু জানাতে অস্বীকৃতি জানান। জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে গত ৩ জুলাই মামলাটি দায়ের করা হয়। এতে খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমান। মামলায় অভিযোগে আনা হয়, ১৯৯২ সালের দিকে একটি বিদেশি সংস্থা জিয়া অরফানেজ ট্রাস্টকে অনুদান হিসেবে ৪ কোটি ৬৬ লাখ টাকা দিয়েছিল। ওই টাকা ব্যাংকে জমা রাখা হয়। পরে তা সুদে আসলে বেড়ে ৫ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়ায়। পরবর্তীতে ওই টাকা দুইভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হকের মাধ্যমে ওই টাকা এতিমদের জন্য খরচ না করে অন্য খাতে ব্যবহার করা হয়েছে। খালেদা জিয়ার কার্যালয়ের মাধ্যমে ওই টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএইচবি/২২১৬ ঘ.