ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতে হাজির করা হয়নি।
অসুস্থ থাকায় সাবেক প্রধানমন্ত্রীকে আদালতে আনা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ গোলাম হাফিজ। একই কারণে গত ২০ জুলাই গ্যাটকো মামলায় আদালতে অনুপস্থিত ছিলেন খালেদা জিয়া।
এদিকে, নাইকো মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি আসামি পক্ষের আইনজীবীরা বুধবার দাখিল করতে পারেননি ।
আগামী ৪ আগস্ট অনুলিপি জমা দেওয়ার নতুন তারিখ দেন বিশেষ আদালত- ৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান।
বুধবার মামলার অন্য আসামি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়।
১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোকে দিয়ে রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করা হয়। গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
হাইকোর্ট গত ৯ জুলাই মামলায় স্থগিতাদেশের পাশাপাশি এটি দায়ের এবং কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা দুই সপ্তাহের মধ্যে জানাতে দুর্র্নীতি দমন কমিশন, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতকে নির্দেশ দেয়।
খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ এ আদেশ দেয়।
আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধেও নাইকো দুর্নীতির অভিযোগে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/১৮৪২ঘ.
bdnews24