২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-তারেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

জিয়া অরফানেজ স্ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ স্ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানি এ আদেশ দেন। গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক হারুন অর রশীদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানান। কমিশনের প্রসিকিউটিং কার্যালয়ে কর্মরত আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এই অনুমতি দিয়েছেন। জিয়া অরফানেজ (এতিম খানা) ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাদের সন্তান তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে গত ৩ জুলাই দুদক মামলাটি দায়ের করে। এতে খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমান। মামলায় অভিযোগে আনা হয়, ১৯৯২ সালের দিকে একটি বিদেশি সংস্থা জিয়া অরফানেজ ট্রাস্টকে অনুদান হিসেবে ৪ কোটি ৬৬ লাখ টাকা দিয়েছিল। ওই টাকা ব্যাংকে জমা রাখা হয়। পরে তা সুদে আসলে বেড়ে ৫ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়ায়। পরবর্তীতে ওই টাকা দুইভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। কমিশনের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হকের মাধ্যমে ওই টাকা এতিমদের জন্য খরচ না করে অন্য খাতে ব্যবহার করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের মাধ্যমে ওই টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। খালেদা জিয়াকে এ ব্যাপারে বিশেষ কারাগারে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান বিএনপির সিনিয়ির যুগ্ম মহাসচিব তারেক রহমান ও সদস্য কোকোকেও এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমএইচবি/১৯৫৫ ঘ.