২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে পৌঁছে কোকোর চিকিৎসা শুরু

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো বাংলাদেশ সময় বিকেল ৪ টা ২৫ এ ব্যাংকক পৌঁছেছেন। বিমানবন্দর থেকে বামরুনগ্রাদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যায়। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাওয়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো বাংলাদেশ সময় বিকেল ৪ টা ২৫ এ ব্যাংকক পৌঁছেছেন। বিমানবন্দর থেকে বামরুনগ্রাদ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যায়। খালেদা জিয়ার আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিবারের সদস্যদের উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যেই কোকোর চিকিৎসা শুরু হয়ে গেছে। থাই এয়ারওয়েজের একটি বিমান শনিবার দুপুর ১টা ২৯ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কোকোর সঙ্গে ছিলেন তার স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাইকা রহমান ও জাফিয়া রহমান এবং শ্যালক মুস্তাকিম রেজা। চিকিৎসার জন্য সাত শর্তে দুই মাসের জন্য কোকোকে গত বৃহস্পতিবার মুক্তি দেয় সরকার। তার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাসহ তিনটি মামলা রয়েছে। গত বছরের ৩ সেপ্টেম্বর মা খালেদা জিয়ার সঙ্গে কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। সাময়িক মুক্ত কোকোকে দুপুর ১২টা ২৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসা থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বৃহস্পতিবার মুক্তির পর থেকে কোকো ওই বাসায়ই ছিলেন। বিমানবন্দরে কোকোকে বিদায় জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস ও আতিকুর রহমান লিমনসহ কয়েকজন আত্মীয়-স্বজন। অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টা ২৯ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে কোকো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রওনা হন। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তার চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। কোকোর সঙ্গে গেছেন তার স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাইকা রহমান ও জাফিয়া রহমান এবং শ্যালক মুস্তাকিম রেজা।" সরকার চিকিৎসার জন্য ১৭ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত সাতটি শর্ত দিয়ে সাময়িক মুক্তির আদেশ দেয়। এর আগে গত ২৫ জুন গ্যাটকো মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে কোকোকে অব্যাহতি দেয় আদালত। সংসদ ভবনের বিশেষ আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে। কোকোর আগে সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল। চিকিৎসার জন্য কোকোকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশ পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করেন তার স্ত্রী শর্মিলা রহমান। কোকোর ভাই কারাবন্দি তারেক রহমানের জন্যও একই ধরনের আবেদন করা হয়েছে। তারেক ও কোকোর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও কারাগারে রয়েছেন। তার মুক্তির প্রক্রিয়া চলছে বলে উপদেষ্টারা জানিয়েছেন। গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারে একদিন থাকার পর অসুস্থ কোকোকে হাসপাতালে নেওয়া হয়। সেই থেকে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। এর মধ্যে তাকে বেশ কয়েকবার আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩১ ঘ.