২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায় নিয়েই বিদায় নিতে হবে এ সরকারকে: মুজাহিদ

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি বেড়েছে দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, দুর্নীতির দায় নিয়েই এ সরকারকে বিদায় নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 06:48 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চাঁদপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি বেড়েছে দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, দুর্নীতির দায় নিয়েই এ সরকারকে বিদায় নিতে হবে। শুক্রবার চাঁদপুরে জামায়াতে ইসলামীর এক সমাবেশে তিনি এ কথা বলেন। জেলা শহরের আল আমিন একাডেমি মিলনায়তনে জেলার শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে 'দায়িত্বশীল সমাবেশ' নামে ওই সমাবেশ হয়। আলী আহসান মুজাহিদ বলেন, "বর্তমান সরকারের গত গত ১৮ মাসে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। এ সময়ে শুধু ঘুষই লেনদেন হয়েছে ৫ হাজার কোটি টাকা। দুর্নীতির দায় নিয়েই বর্তমান সরকারকে বিদায় নিতে হবে।" তিনি বলেন, "দেশে এখন সংবিধানের অনুমোদনহীন জরুরি অবস্থা চলছে। আর এই জরুরি অবস্থা এখন চালু আছেই শুধু এখন যারা ক্ষমতায় আছেন তাদের স্বার্থে।" বর্তমান সরকারকে 'অঘোষিত জমিদার' আখ্যা দিয়ে জামায়াত নেতা বলেন, "বর্তমান সরকার এখন অঘোষিত জমিদার। লগি-বৈঠার রাজনীতি যারা করেছে, তাদের আত্মার আত্মীয় এই জমিদাররা।" জামায়াতে ইসলামীর জেলা আমির এ এইচ আহমদ উল্যা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. আব্দুর রব, জেলা সেক্রেটারি আব্দুর রহিম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৬ ঘ.