ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সাময়িক মুক্তি পেয়েছেন।
সন্ধ্যা ছয়টার দিকে মুক্তি পেয়ে কোকো বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বেরিয়ে আসেন। এর আগে বিকেল পাঁচটার দিকে তাকে বিদেশে চিকিৎসার জন্য দুই মাসের সাময়িক মুক্তির নির্দেশ দেয় সরকার।
বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে জারি করা এক আদেশে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য ১৭ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৮ পর্যন্ত সাতটি শর্ত দিয়ে সাময়িক মুক্তির আদেশ দেওয়া হয়।
রাস্তার ধারে অপেক্ষারত নেতা-কর্মী ও পথচারীদের অনেকে সদ্যমুক্ত কোকোকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। হাসপাতালের সামনে এবং আশেপাশের রাস্তায় তখন যানজটের সৃষ্টি হয়।
কোকো কারারক্ষী ও চিকিৎসক -কর্মচারীদের সঙ্গে করমর্দন করে হাসপাতাল থেকে বিদায় নেন।
৫টা ৫৫ মিনিটে তাকে অক্সিজেন লাগিয়ে ঢাকা সেনানিবাস এলাকার বাড়ির উদ্দেশে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। এসময় কোকোর স্ত্রী শর্মিলা রহমান তাবাসসুম এবং একজন ডাক্তার তার সঙ্গে ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে কোকো শহীদ মঈনুল সড়কে বাসায় পৌঁছেন। বাসার প্রধান গেটের কাছে এসময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং মামা সাঈদ এস্কেন্দারের স্ত্রী নাসরিন এস্কেন্দারসহ পরিবারের অন্য সদস্যরা অপেক্ষা করছিলেন। কোকোকে নিজেদের মধ্যে পেয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। দুই মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
হাসপাতাল থেকে কোকো চলে যাওয়ার পর 'তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন না দেশেই থাকবেন'
bdnews24