ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আজ বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন তার একজন আইনজীবী।
দুর্নীতির মামলায় হাজিরা দেয়া থেকে কোকোর অব্যাহতি পাওয়ার নথিপত্র দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেওয়ার পর আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, "সরকারের নির্বাহী আদেশে আজ বিকেলের মধ্যেই তাকে মুক্তি দেয়া হবে।"
কোকোর স্ত্রী শর্মিলা রহমানকে উদ্বৃত করে সানাউল্লাহ বলেন, "মুক্তির পরপরই তার স্বামীকে চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হবে। এব্যাপারে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার উদ্যোগ নেয়া হয়েছে, কেননা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রয়েছে।"
তিনি আরো বলেন, "যত দ্রুত সম্ভব তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে।"
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মুক্তি প্রক্রিয়া চলছে জানিয়ে এই আইনজীবী বলেন, " আমরা শুনেছি তার মুক্তির বিষয়টি বিবেচনাধীন আছে।"
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা আমাদের কাজ শেষ করে দিয়েছি। চিকিৎসার জন্য কোকোকে আট সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।"
খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের মুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যথা সময়ে জানতে পারবেন।"
এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পান কোকো।
বৃহস্পতিবার কোকোর পক্ষে তার আইনজীবীরা ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন জানালে তা মঞ্জুর করেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মূখ্য মহানহর হাকিম মো. গোলাম রাব্বানী।
আবেদনে বলা হয়, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কোকোকে বিদেশের পাঠানোর প্রয়োজনে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রয়োজন।
এর আগে গ্যাটকো দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পান কোকো। তবে গুলশান থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে কোকো এখনো অব্যাহতি পাননি বলে জানিয়েছেন তার আরেক আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ।
২০০৭ সালের তিন সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/পিবি/আরবি/জিএনএ/১৪৪৪ ঘ.
bdnews24