ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রগতিশীল দণতান্ত্রিক দল (পিডিপি) প্রধান ফেরদৌস আহমদ কোরেশীর বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার মামলা হয়েছে।
প্রয়াত সাংবাদিক গোলাম রসুল মল্লিকের স্ত্রী আসমা লুপিনা মল্লিক তাদের তোপখানা রোডের বাড়িতে অনুপ্রবেশ করে দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।
কোরেশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনুপ্রবেশের অভিযোগকে ভিত্তিহীন অভিহিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছেন তিনি এজন্য মানহানির মামলা করবেন।
মহানগর হাকিম মাকসুদা পারভীন মামলাটি তদন্ত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। আগামি ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী ধার্য তারিখের দিন এই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
বাদি তার মামলার আরজিতে বলেন, স্বামী ইস্টার্ন নিউজ এজেন্সী (এনা)'র সাবেক প্রধান সম্পাদক গোলাম রসুল মল্লিকের উত্তরাধিকারী হিসাবে তিনি ও তার সন্তানরা ৮/৪ -এ তোপখানা রোডের ছয়তলা ভবনটি ভোগ দখল করে আসছেন। তিনি এতে আসামি কোরেশীকে তার ভাড়াটে হিসেবে উল্লেখ করেন।
আসমা লুপিনা মল্লিক অভিযোগ করেন, গত ৯ জুলাই বিকেলে পিডিপি নেতা ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বে ৩০/৪০ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী ওই বাড়ির পাঁচতলায় ভাড়াটের ফ্ল্যাটে অবৈধভাবে প্রবেশ করে। তারা ওই বাসার আসবাবপত্র ভাংচুর করে ও বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কোরেশীর নেতৃত্বে সন্ত্রাসীরা সেখান থেকে কম্পিউটারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
আরজিতে বলা হয়, ভবনটির পাঁচতলার ভাড়াটে কোরেশী দীর্ঘদিন ধরে ভাড়া দেন না।
আসমা মল্লিক অভিযোগ করেছেন, আসামী কোরেশী ওই বাড়ির অন্যতম ভাড়াটে দৈনিক করতোয়ার কর্মী জয়নাল আবেদীন ও নূসরাত মাহমুদ সবুজকে বাসা থেকে বের করে দিয়ে সঙ্গীদের দরজায় তালা লাগানোর নির্দেশ দেন। এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কেটে পড়ে। আরজিতে অভিযোগ করা হয়, বাদি বা তার লোকজন ওই বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের খুন করা হবে বলে সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে।
আসমা মল্লিক ও তার ছেলে ওমর ইয়াছির মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামী বিভিন্ন সময় আমাদের হত্যার হুমকি দিয়েছেন।"
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে তার মামলা নেয়নি। পরদিন ১০ জুলাই বাদি ওই থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মামলার বিষয়ে জানতে চাওয়া হলে ফেরদৌস আহমদ কোরেশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়িতে অনুপ্রবেশের কোনো প্রশ্নই ওঠে না। কারণ, এই বাড়িতেই আমরা আছি। কেউ হয়তো আমার মানহানির জন্য তাদের ব্যবহার করছে।"
পিডিপি নেতা বলেন, "মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে আমরা ২০ কোটি টাকার মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।"
কোরেশী আরও বলেন, বাড়িটি কেনার জন্য তিনি একসময় বায়নার টাকা দিয়েছিলেন। তিনি বলেন, "গোলাম রসুল মল্লিক বেঁচে থাকতেই এই বাড়ি কেনার জন্য তার সঙ্গে আমি বায়না চুক্তি করেছি। সেই অনুযায়ী কিছু টাকাও দিয়েছি। কিন্তু পরে জানা গেল ব্যাংক ঋণের কারণে বাড়িটি ব্যাংকের সম্পত্তি হয়ে গেছে। এই জটিলতায় পরে আর রেজিস্ট্রি হয়নি।"
তবে কোরেশী নিজেকে বাড়িটির বৈধ মালিক বলেই দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসকে/২০৪৬ঘ.
bdnews24