ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা সরকারের নেই বলে দাবি করেছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
চিকিৎসার 'নামে' খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর 'ষড়যন্ত্র' চলছে বলে বিএনপির অভিযোগের উত্তরে হোসেন জিল্লুর মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ দাবি করেন।
উপদেষ্টা বলেন, "চিকিৎসার জন্য কাউকেই দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা সরকারের নেই। তারা কোথায় চিকিৎসা নেবেন, তা তাদের নিজস্ব ব্যাপার।"
খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে হোসেন জিল্লুর বলেছেন, শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন। সংলাপে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি বর্তমানে আগ্রহ দেখাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ববাণিজ্য সংস্থার সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি সভা শেষে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষা উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার মুক্তির সময়েই সরকারি প্রজ্ঞাপনে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়, একই ধরনের আইনি ও মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে।"
এক্ষেত্রে দেরির কারণ জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে এতে শুধু সরকারের একার নয়, সবার ভূমিকার ব্যাপার রয়েছে। আশা করছি, খুব শিগগিরই একটি কাক্সিক্ষত ফলাফল দেখা যাবে।"
সংলাপে বসতে বিএনপির অসম্মতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হোসেন জিল্লুর বলেন, "আমাদের পক্ষ থেকে বিএনপিকে সংলাপে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে তা জানতে পারবেন। তাদের মধ্যে আগ্রহ লক্ষ করছি। আশা করছি, সঠিক সময়েই তারা সংলাপে যোগ দেবেন।"
এক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "অগ্রগতি দুই পক্ষের ব্যাপার। আমরা তাদের উৎসাহিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা চাই সব দলকে নিয়ে নির্বাচনে যেতে। আমাদের ধৈর্য ও আগ্রহ আছে। এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/এমএ/১৬৪৮ ঘ.
bdnews24