ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মামলাটির তদন্ত কর্মকর্তা কমিশনের উপ পরিচালক এস এম মফিদুল ইসলাম সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
এতে মির্জা আজমকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মির্জা আজমের স্ত্রী আলেয়া আজমকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, মির্জা আজম তার ঘোষিত আয়ের বাইরে ৫৬ লাখ ২০ হাজার ২১৪ টাকার সম্পদের মালিক হয়েছেন এবং কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ৩৪ লাখ ৮৪ হাজার ৬৭৫ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
দুর্নীতি দমন কমিশন গত ১০ জানুয়ারি রমনা মডেল থানায় এ মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২০৫২ ঘ.
bdnews24