২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলা বাতিলের জন্য হাইকোর্টে খোকার আবেদন

সম্পদের তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে সম্পত্তির মালিক হওয়ার মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। আদালত সোমবার এ ব্যাপারে আদেশ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 01:55 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে সম্পত্তির মালিক হওয়ার মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। আদালত সোমবার এ ব্যাপারে আদেশ দেবে। খোকা রোববার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ইমদাদুল হক আজাদের বেঞ্চে এ আবেদন করেন। আবেদনের ওপর শুনানিতে খোকার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা করার ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হয়। কিন্তু কমিশন নির্ধারিত ৬০ দিনের পর সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। তিনি সোমবার তার বক্তব্য উপস্থাপন করবেন। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম গত ২ এপ্রিল রমনা থানায় এ মামলা দায়ের করেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা খোকার স্ত্রী ইসমত আরা, ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা হোসেনকেও আসামি করা হয়েছিল। তবে ১ জুলাই আদালতে দেওয়া অভিযোগপত্রে সারিকা ও ইশরাককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। অভিযোগপত্রে বলা হয়, খোকা কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীতে ৯ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৬০৯ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি অবৈধভাবে ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা গত ২ জুলাই এ মামলায় অধিকতর তদন্তের জন্য ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আবেদন করেন। সোমবার এ আবেদনের ওপরও শুনানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিবি/জেকে/এসকে/১৯১৩ঘ.