২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহারের স্বার্থে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন: সুরঞ্জিত

জরুরি অবস্থা প্রত্যাহারের স্বার্থে আসন্ন সিটি ও পৌরসভা নির্বাচনে সব দলের অংশ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের স্বার্থে আসন্ন সিটি ও পৌরসভা নির্বাচনে সব দলের অংশ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ধানমন্ডি থানা আওয়ামী লীগ নেতা ও ঢাকা মহানগরের ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "সংলাপ ও স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে দলগুলোকে দায়িত্বশীল আচরণ দেখাতে হবে যাতে জরুরি আইনবিহীন অবস্থায় সংসদ নির্বাচন করা যায়। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে জরুরি অবস্থা প্রত্যাহার সহজ হবে না।" জিগাতলা কমিউনিটি সেন্টারে শনিবার বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি আরো বলেন, "ঐক্যের মাধ্যমে বিভেদ ও সংঘাত এড়িয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা সম্ভব।" তত্ত্বাবধায়ক সরকারকে কোনক্রমেই ডিসেম্বরের পর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না- মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "প্রধান উপদেষ্টাকে একজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর সে লক্ষ্যে আগে জাতীয় নির্বাচন দিতে হবে।" স্মরণসভায় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএ/১৯৪৯ ঘ.