চাঁদপুর, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য, বেকারত্ব ও বিনিয়োগহীনতা দেশকে অস্থিরতার দিকে ধাবিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার দুপুরে চাঁদপুর শহরের তমাপ্লাজায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, "দেশ ও জাতি এখন এক কঠিন সময় অতিবাহিত করছে। দ্রব্যমূল্য, বেকারত্ব, বিনিয়োগহীনতা আজ দেশকে এক অস্থিরতার দিকে ধাবিত করছে। এই অবস্থায় আওয়ামী লীগের ছয় দফা অর্জন করে দেশে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করেই এই সংকট থেকে উত্তরণ সম্ভব।"
মতিয়া চৌধুরী আরো বলেন, "সেনা প্রধান বলেছিলেন- জাতির জনক বঙ্গবন্ধুকে তার স্বীয় মর্যাদায় অধিষ্ঠিত করবে এ তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু সে কথা তারা রক্ষা করেনি। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াও শুরু হয়নি। বরং এ অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে/১৫৩৬ঘ.
bdnews24