২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম চৌধুরীর মামলায় ফজলুল করিম সেলিমের জামিন আবেদন

ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি হয়েছে। আগামী ১৩ জুলাই জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি হয়েছে। আগামী ১৩ জুলাই জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত। বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করেন। এদিকে এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার বিষয়ে বুধবার আদেশ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ১৩ জুলাই এ বিষয়েও আদেশ দেওয়া হবে। তবে এ দিন শেখ হাসিনার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট সাহারা খাতুন। শেখ সেলিমের পক্ষে তার আইনজীবী সাহারা খাতুন এবং সৈয়দ রেজাউর রহমান জামিন আবেদনের শুনানিতে অংশ নেন। শুনানিতে তারা বলেন, "আসামি অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন। জামিন দেওয়া হলে তিনি পালিয়ে যাবেন না এবং জামিনের সমস্ত শর্ত পালন করবেন।" রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে দাবি করে তারা বলেন, এতে সেলিমের কোনো সংশ্লিষ্টতা নেই। জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্র পক্ষের আইনজীবী সৈয়দ শামিম আহসান হাবিব আদালতকে বলেন, "এ মামলায় শেখ সেলিমের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। তাকে জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। জামিন বিষয়ে উচ্চ আদালতের যে নির্দেশনা রয়েছে তাতে তিনি জামিন পেতে পারেন না।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ১৯ জুন এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বিচারক ২ জুলাই এ সংক্রান্ত আদেশ দেওয়ার দিন ধার্য করেছিলেন। একই সঙ্গে মামলাটির বাদি আজম জে চৌধুরীর সাক্ষ্য নেওয়ার জন্য দিনও ধার্য করা হয়। গত ১৫ জুন ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ দায়রা আদালত-৫ এ পাঠিয়ে দেন। এর আগ পর্যন্ত সংসদ ভবনে স্থাপিত এ বিচারকের বিশেষ এজলাসে মামলাটির বিচার কাজ চলছিল। কিন্তু ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। মামলার বাদি আজম চৌধুরীর জবানবন্দি বাতিলেরও আবেদন করেন হাসিনা। তবে তা নাকচ করা হয়। গত ৬ ফেব্র"য়ারি হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জরুরি বিধিমালায় মামলাটির অন্তর্ভুক্তি অবৈধ এবং তা বাতিল ঘোষণা করে। পরে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিদেশে চিকিৎসার জন্য শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, নাইকো মামলা, মিগ ২৯ জঙ্গি বিমান ক্রয় দুর্নীতি মামলা ও ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এর পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এসকে/১২৪২ঘ.