ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত হতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সোমবার চার দলের এক সমাবেশে তিনি বলেন,''স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সরকারের হঠকারী, অসাংবিধানিক, অবৈধ সিদ্ধান্ত। এটা দেশের মানুষের স্বার্থের পরিপন্থী। এ থেকে বিরত থাকুন। চার দল এই অসাংবিধানিক নির্বাচন সমর্থন করে না।''
দেশে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে আগামী ৯ জুলাই এবং কথিত কারা নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ জুলাই চার দলের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
বিকালে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চার দলের উদ্যোগে দ্রব্যমূল্য রোধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইছহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে খোন্দকার দেলোয়ার সরকারের কঠোর সমালোচনা করে বলেন, নিজেদের ক্ষমতাকে স্থায়ী করাই তাদের একমাত্র উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, ''সরকারের একটি বিশেষ মহল আম কুড়ানোর মতো সারাদেশে প্রার্থী খুঁজে বেড়াচ্ছে। এটা সরকারের দায়িত্ব নয়।'' তিনি এ কাজে রাষ্ট্রীয় অর্থের হিসাবও দাবি করেন।
বিএনপি মহাসচিব দেলোয়ার দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীসহ দলীয় নেতাদের মুক্তি, খালেদা জিয়ার দুই অসুস্থ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানান। তিনি তারেক ও কোকোর বর্তমান অবস্থাকে 'মরণাপন্ন' অভিহিত করে বলেন,''সরকার বিএনপির ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।''
অল্প কিছুদিন আগেই আওয়ামী লীগের প্রতি ঐক্যের জন্য আকুল আবেদনকারী দেলোয়ার দলটির সমালোচনা করে বলেন,''তারা সরকারের সঙ্গে হটলাইন করেছে। আঁতাত করে পাতানো নির্বাচনে যেতে সমঝোতা করেছে। তাদের কাজকর্ম জনগণের কাছে স্পষ্ট।''
আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেন,''আমরা রাজনৈতিক কারণে নয়, জনগণের বাঁচার দাবিতে কর্মসূচি পালন করছি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।''
মুজাহিদ ভর্তুকি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান সরকারের প্রতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০২০ঘ.
bdnews24