ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেছেন, "নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিণে রয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি আমরা।"
সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে আশরাফুল সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
তিনি বলেন, "মোহাম্মদ নাসিমের কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে।"
আশরাফুল জানান, আওয়ামী লীগ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে কি না তা চূড়ান্ত করতে এ বৈঠক বসেছিল। তবে মোহাম্মদ নাসিমের অসুস্থতার কারণে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, "চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৭২ ঘণ্টা পর্যবেণে রেখেছেন। এই সময়ের মধ্যে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে।"
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর চিকিৎসা নিয়ে অবহেলার অভিযোগ তুলে সৈয়দ আশরাফুল বলেন, "এর আগেও মোহাম্মদ নাসিমকে কারাগারে যেতে হয়েছে। কিন্তু এবারের কারাবরণ অমানবিক। তার এ অবস্থার জন্য আমরা সরকারকেই দায়ী করছি। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। কাশিমপুর কারাগার থেকে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে নেয়া হয় ল্যাব এইড হাসপাতালে। যেখানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।"
নাসিমের এ অবস্থায় তার স্ত্রী যেনো পাশে থাকতে পারেন সরকারকে সে ব্যবস্থা করারও অনুরোধ করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে আশরাফুল বলেন, "স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে সরকারের সঙ্গে আমাদের দ্বিমত নেই। মত পার্থক্য হলো নির্বাচনের সময় নিয়ে; কবে স্থানীয় সরকার নির্বাচন হবে তা নিয়ে। আমরা আশা করি, আলোচনার মাধ্যমে এই মত পার্থক্য দূর হবে।"
জরুরি অবস্থা প্রত্যাহার করা না করা হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহার না করলে নির্বাচনে যাব না, এমন কথা এখনই বলছি না। এ রকম কোনো শর্তও দিচ্ছি না।"
প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আহ্বায়ক ফেরদৌস আহমেদ কোরেশী মঙ্গলবার সরকারের সঙ্গে সংলাপে অভিযোগ করেছেন, সরকারের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে। এ ব্যাপারে সৈয়দ আশরাফুলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "সরকারের সঙ্গে আমাদের কোনো ধরনের সমঝোতা হয়নি। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে গত সোমবার থেকে চিকিৎসাধীন রয়েছেন। বৈঠকে তারও রোগমুক্তি কামনা করা হয়েছে বলে জানান আশরাফুল।
জিল্লুর রহমানের সভাপতিত্বে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/০০০৭ ঘ.
bdnews24