২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে যেতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন কোকো

গ্যাটকো দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। আবেদনে বলা হয়, মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার জন্য সুপারিশ করেছে। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দিতে চান। >>ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাওয়ার আবেদনটি দেখতে এখানে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 08:17 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। আবেদনে বলা হয়, মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার জন্য সুপারিশ করেছে। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজিরা দিতে চান। কোকোর আইনজীবী ব্যারিস্টার মাহবুব বিশেষ আদালত- ৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের কাছে আবেদনটি জমা দেন। বুধবার এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কোকোকে অ্যাম্বুুলেন্সে করে হাসপাতাল থেকে আদালতে আনা হয়। তবে অসুস্থতার কারণে পাঁচ মিনিট পরই আবার হাসাপাতালে ফিরিয়ে নেওয়া হয়। মঙ্গলবার গ্যাটকো মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। ব্যারিস্টার মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পাওয়ার জন্য আরাফাত রহমান কোকোর পক্ষে আমি একটি আবেদনপত্র আদালতে জমা দিয়েছি। এ বিষয়ে কাল (বুধবার) সিদ্ধান্ত হবে।'' ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে অসুস্থ তারেক রহমানের পক্ষেও বুধবার একটি আবেদন করা হবে বলে জানান তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস গোলাম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ব্যক্তিগত হাজিরা থেকে আরাফাত রহমান কোকোর অব্যাহতি চেয়ে তার আইনজীবীর একটি আবেদনপত্র পেয়েছি।'' আবেদনপত্রে বলা হয়, 'দরখাস্তকারী কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কল্পনাপ্রসূত ও ভিত্তিহীন।' কোকো হার্টের সমস্যাসহ পাঁচটি রোগে ভুগছেন উল্লেখ করে এতে আরো বলা হয়, অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। হৃদযন্ত্র সচল রাখতে তাকে ইনহেলার ও অক্সিজেনের ওপর নির্ভর করতে হয়। মাঝে মাঝে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন। খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন। গ্যাটকো মামলায় কোকো ও বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে বিশেষ আদালতে বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/পিসি/এসএম/এসএনডি/এমএ/১৭১১ ঘ.