২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও খুলনায় বর্ধিত সভা: হাসিনা ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা আ.লীগের

গাজীপুর ও খুলনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় শেখ হাসিনার শর্ত হীন স্থায়ী মুক্তি দাবি করে নেতারা বলেছেন, হাসিনাকে ছাড়া দল নির্বাচনে অংশ নেবে না। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারেরও দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও খুলনায় আওয়ামী লীগের বর্ধিত সভায় শেখ হাসিনার শর্ত হীন স্থায়ী মুক্তি দাবি করে নেতারা বলেছেন, হাসিনাকে ছাড়া দল নির্বাচনে অংশ নেবে না। অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারেরও দাবি করেছেন তারা। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। সভার প্রধান অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, "এর বাইরে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নেবে না।" সিটি ও পৌর নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, "সবকিছুর আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।" আওয়ামী লীগে ফাটল ধরানোর চেষ্টা চলছে অভিযোগ করে তোফায়েল যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মেয়র আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, সাবেক সাংসদ রাজি উদ্দিন আহমেদ রাজু, মুকুল বোস, মোতাহার হোসেন মোল্লা, মেহের আফরোজ চুমকি প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দলের বর্ধিত সভা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বলেন, "শেখ হাসিনার মুক্তির ব্যাপারে সব শর্ত প্রত্যাহার করতে হবে। সভানেত্রী একজন মুক্ত মানুষ হিসেবে যাতে দলীয় নেতৃত্ব ও নির্বাচনে অংশ নিতে পারেন সে পরিবেশও সৃষ্টি করতে হবে। কারণ শেখ হাসিনা ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।" আব্দুল মান্নানও চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচনী তফসিল প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। জেলা সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেদ, আব্দুল মজিদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ভারপ্রাপ্ত সম্পাদক গাজী আব্দুল হাদি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/ ২৩২৩ ঘ.