ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে শেখ হাসিনার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন এই আবেদন করেন।
বিচারক আগামী ২ জুলাই এ সংক্রান্ত আদেশ দেওয়ার দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটির বাদি আজম জে চৌধুরীর সাক্ষ্য নেওয়ার জন্য দিনও ধার্য করা হয়।
এদিকে মামলার অপর আসামি শেখ ফজলুল করিম সেলিমের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।
এ প্রসঙ্গে বিচারক আইনজীবীদের জানান, উচ্চ আদালতের নথি দেখার পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
দুপুরে আদালত শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবিএম শরফুদ্দিন খান মুকুল মামলাটির বিষয়ে বিচারকে অবহিত করেন।
এরপর শেখ হাসিনার আইনজীবী সাহারা খাতুন আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে হাসিনাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শরফুদ্দিন খান মুকুল আদালতকে অবহিত করে বলেন, মামলাটির বিচারকাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। উচ্চ আদালত মামলাটি বাতিলও করেছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ উচ্চ আদালতের রায় বাতিল করে দেয়। এ মামলার বাদির সাক্ষ্য নেওয়া শুরু হয়েছিল যা এখনো শেষ হয়নি।
গত ১৫ জুন ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক মামলাটি বিচারের জন্য বিশেষ দায়রা আদালত-৫ এ পাঠিয়ে দেন। এর আগ পর্যন্ত সংসদ ভবনে স্থাপিত এ বিচারকের বিশেষ এজলাসে মামলাটির বিচার কাজ চলছিল। কিন্তু ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। মামলায় বাদি আজম চৌধুরীর জবানবন্দি বাতিলেরও আবেদন করেন হাসিনা। তবে তা নাকচ করা হয়।
গত ৬ ফেব্র"য়ারি হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জরুরি বিধিমালায় মামলাটির অন্তর্ভুক্তি অবৈধ এবং তা বাতিল ঘোষণা করে। পরে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার।
প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন আজম জে চৌধুরী। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিদেশে চিকিৎসার জন্য শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, নাইকো মামলা, মিগ ২৯ জঙ্গি বিমান ক্রয় দুর্নীতি মামলা ও ব্যবসায়ী নূর আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ১১ জুন শেখ হাসিনাকে আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এর পরদিনই তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/জিএনএ/এসকে/১৯০৭ঘ.
bdnews24