ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গঠন করা মেডিকেল বোর্ড।
বুধবার সকালে তারেক ও দুপুরে কোকোর স্বাস্থ্য পরীক্ষা করে বোর্ড প্রতিবেদন দিয়েছে।
দুটি বোর্ডেরই নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক কে এম এইচ এস সিরাজুল হক।
বোর্ডের সদস্য ডা. এম ইদ্রিস আলী স্বাক্ষরিত তারেকের প্রতিবেদনে তার বেশ কিছু শারীরিক সমস্যার উল্লেখ করে বলা হয়েছে, "গত ৩১ জানুয়ারি থেকে তাকে এই হাসপাতালে বিদ্যমান চিকিৎসা দিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এ সত্ত্বেও তার অবস্থার উন্নতি হচ্ছে না বরং ধীরে ধীরে অবনতি হচ্ছে।"
"এই অবস্থায় মেডিকেল বোর্ড মনে করছে বিদেশে কোন উন্নত প্রতিষ্ঠানে তারেক রহমানের আরও পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা প্রয়োজন।"
কোকোর প্রতিবেদনে বলা হয়েছে, "গত বছরের ১২ নভেম্বর থেকে তাকে এই হাসপাতালের বিদ্যমান চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার উন্নতি হচ্ছে না। সে কারণে বোর্ড বিদেশের কোন উন্নত প্রতিষ্ঠানে কোকোর আরও পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসার পরামর্শ দিচ্ছে।"
কোকোর প্রতিবেদনে স্বাক্ষর করেছেন ডা. চৌধুরী মেশকাত আহমেদ।
তারেকের জন্য গঠিত ৪ সদস্যের মেডিকেল বোর্ডের অন্য দুই সদস্য হলেন, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ ও অধ্যাপক এম মোমেনউজ্জামান।
কোকোর মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন, অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক এম এ সোবহান, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আবু সিদ্দিক, অধ্যাপক এম নজরুল ইসলাম, অধ্যাপক এ কে এম আনোয়ার উল্লাহ, ডা. এ কে এম মোশাররফ হোসেন, ড. এম ইদ্রিস আলী ও ডা. হারিসুল হক।
প্রসঙ্গত, তারেক রহমানকে গত বছরের ৮ মার্চ ও কোকোকে ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৩২ ঘ.
bdnews24