২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন সামনে রেখে জরুরি অবস্থা শিথিল হবে

শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জরুরি অবস্থার বিদ্যমান আইন শিথিল করা হবে। তবে এক্ষেত্রে যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকার জন্যই এ শৈথিল্য প্রযোজ্য হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জরুরি অবস্থার বিদ্যমান আইন শিথিল করা হবে। তবে এক্ষেত্রে যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকার জন্যই এ শৈথিল্য প্রযোজ্য হবে। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সরকারের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-জিকু-রতন)'র বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, "নির্বাচনের দুই একদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জরুরি বিধিমালার শিথিলতার বিষয়টি জানিয়ে দেবে।" জরুরি বিধিমালা শিথিল করা সংক্রান্ত কাজ প্রায় চূড়ান্ত হয়েছে বলেও তিনি জানান। বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, উপজেলা আইনের গেজেট জারির পর উপজেলা নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার নির্বাচন কোনভাবেই জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতির কাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। যৌথ ব্রিফিংয়ে জাসদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বলেন, "সংবিধান সংস্কার কমিশন গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন, সংসদীয় ব্যবস্থার সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালুকরা সহ ১০ দফা প্রস্তাব সংলাপে উপস্থাপন করা হয়েছে।" রতন আরো বলেন, "চি‎িহ্ন‎ত সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছি সংলাপে। সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও বলেছি।" এছাড়াও সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সনদ তৈরী করা এবং পরিবারতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক রাজনীতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবিধান সংস্কার কমিশন কবে নাগাদ গঠন করা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে জাসদ সহ অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তবে এ ধরনের উদ্যোগের সূচনা এখনই করতে হবে বলে আমি মনে করি।" এক্ষেত্রে কালক্ষেপণ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আরো বলেন, "আগামী ২৮ জুন চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ে সংলাপ অনুষ্ঠান করতে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে এ সংলাপে প্রধান উপদেষ্টা অংশ গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।" দলের সভাপতি নূর আলম জিকু অসুস্থ থাকায় সংলাপে অংশ নিতে পারেননি বলে সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/এমএ/১৫৪৪ ঘ.