২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের জনপ্রিয়তা ' মাইনাস জিরোতে ' : খালেদা

সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, এই সরকারের জনপ্রিয়তা মাইনাস জিরোতে এসে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, এই সরকারের জনপ্রিয়তা মাইনাস জিরোতে এসে পৌঁছেছে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার কোনো এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের নেই বলে মন্তব্য করে বুধবার সকালে সংসদ ভবনের বিশেষ আদালতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের সামনে তিনি বলেন,''তাদের কাজ সর্বাগ্রে সংসদ নির্বাচন করা। তাই অক্টোবরের মধ্যেই সংসদ নির্বাচনের চেয়েছি আমরা।'' এদিন আদালত নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ঠিক করে আগামী ২৬ জুন। এছাড়া আসামী পক্ষের আবেদন ও আপত্তির প্রেক্ষিতে অভিযোগ গঠনের শুনানি হয়নি। সকাল ১০ টা ২০ মিনিটে সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান মামলার কার্যক্রম শুরু করেন। এর আগে বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া এবং অন্য ৭ আসামী সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। প্রায় দেড় ঘন্টা মামলার কার্যক্রম শেষে আদালত ২৬ জুন পর্যন্ত মূলতবি হলে কাঠগড়ায় দাঁড়িয়ে খালেদা জিয়া সাংবাদিক ও আইনজীবীদের কাছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন,''বর্তমান সরকার সবার প্রতি সমান আচরণ করছে না। তারা পক্ষ-পাতিত্বমূলক আচরণ করছে।'' এক্ষেত্রে তিনি তার দুই অসুস্থ ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর কথা তুলে ধরে বলেন,'' আমার দুই ছেলে বেশি অসুস্থ, অথচ তাদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। '' একই সঙ্গে তিনি কারাগারে বন্দি দলমত নির্বিশেষে গুরুতর অসুস্থ সব রাজনীতিকদের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান। খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থাকে 'দুভিক্ষাবস্থা' মন্তব্য করে বলেন,'' দিন দিন দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এ পর্যন্ত সরকার কোনো কিছুই করতে পারেনি।'' সাবেক এ প্রধানমন্ত্রী বলেন,''এখন এ সরকারের জনপ্রিয়তা 'মাইনাস জিরো' তে এসে দাঁড়িয়েছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে তাদের ক্ষমতা হস্তান্তর করা উচিৎ। এজন্যই এখনই জরুরি অবস্থা প্রত্যাহার করে অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি। '' তিনি সব দলের অংশ গ্রহনে একটি সুষ্ঠু নির্বাচন দাবি করে বলেন,''সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসুক, আমরা তা মেনে নেব। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেখানে সব দল অংশ নেবে।'' এর আগে আদালতের শুরুতে বিচারক খোন্দকার কামাল উজ্জামান আসামী পক্ষের 'নাইকো মামলার কার্যক্রম স্থগিত রাখা' সংক্রান্ত আবেদন নাকচ করে দেন। গত ১২ জুন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজ্জাক খান আদালতের কাছে একই রকমের মামলার কারণে শেখ হাসিনার নাইকো মামলা নিম্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলাটি স্থগিত রাখার আবেদন জানান। আবেদন না-মঞ্জুর হওয়ার পর অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান উচ্চতর আদালতে আপিল করার জন্য আদেশের সার্টিফাইড কপি ও এ ব্যাপারে দুই সাপ্তাহ সময় চেয়ে দুইটি আবেদন পেশ করেন। এ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতের অনুমতি নিয়ে মামলার বিষয়বস্তু উপস্থাপন করলে আসামীপক্ষের আইনজীবীরা একযোগে আপত্তি জানান। মোশাররফ হোসেন কাজল বলেন,'' এ পর্যন্ত রাষ্ট্রপক্ষ মামলাটি আদালতে উপস্থাপনই করার সুযোগ দেয়নি। কেনো এ মামলা-এটা আদালতের জানা উচিৎ। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে আসামীরা দেশের ১৩ হাজার ৭ শ ৭৭ কোটি টাকা ক্ষতি করেছে। সম্মানিত আসামীদের সবার বিরুদ্ধে আলাদা আলাদা অভিযোগ রয়েছে। আমি আজ পর্যন্ত অভিযোগটাই বলতে পারলাম না।'' এ সময়ে আসামী পক্ষের আইনজীবীরা প্রতিবাদ জানালে আদালতের হট্টগোল সৃষ্টি হয়। বিচারক এ সময়ে আসামী পক্ষের সিনিয়র আইনজীবীকে তার অনুসারীদের শৃঙ্খলা বজায় রাখতে বলেন। প্রায় আধা ঘন্টার বেশি সময়ে রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের মধ্যে এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বিচারক আসামীপক্ষের সিনিয়র আইনজীবীদের উদ্দেশে বলেন,'' আদালতকে নির্দেশ দেবেন না, আমাকে এগুতে দেন। কেবল আপনাদের কথাই শুনব, ওইপক্ষের কথাও আমাকে শুনতে দিন।'' পরে সিনিয়র আইনজীবী রেজ্জাক খান ও কাঠগড়ায় দাড়ানো সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মুওদুদ আহমেদ নবীন আইনজীবীদের শান্ত হতে বলেন। এ সময়ে আসামীর কাঠগড়ায় খালেদা জিয়া চেয়ারেই বসেছিলেন। রাষ্ট্রপক্ষের এস গোলাম হাফিজ ও মাহবুবুর রহমান আসামী পক্ষের দুই সাপ্তাহ সময় চাওয়ার আবেদনের বিরোধিতা করেন। মামলাটি মুলতবি হলে আদালতের নির্দেশে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনসহ কয়েকজন আইনজীবী খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। দুপুর দেড়টায় খালেদা জিয়াকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। নাইকো মামলায় মোট আসামি ১১। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মাহবুবুল আলম গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। একইদিন শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত অপর মামলাটি দায়ের করেন কমিশনের উপ-পরিচালক এম এম শাব্বির হাসান। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে খালেদার বিরুদ্ধে দায়ের করা মামলায় গত ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন। আর হাসিনার বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়া হয় গত ৭ মে। দুই মামলায় মোট ২০ জনকে আসামি করা হয়। খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১৪০০ ঘ.