২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে: সাকা চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ''দৈনিক প্রথম আলো আমাকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 12:09 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ''দৈনিক প্রথম আলো আমাকে জড়িয়ে ইচ্ছাকৃতভাবে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" মঙ্গলবার সংসদ ভবনে একটি দুর্নীতি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, ''আমাকে উদ্ধৃত করে প্রথম আলো মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করেছে তা উস্কানি মূলক। এটার নাম প্রথম আলো নয়, প্রথম আলু।" সাকা চৌধুরীকে উদ্ধৃত করে 'দুই পুতের জন্য তো রাজনীতি করছি না মুক্তি চাইবো কেন?' এই শিরোনামে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো। এতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বয়ানে লেখা হয়,"আমরা কি তার ছেলের জন্য রাজনীতি করছি যে, তাদের মুক্তি চাইবো? আমরা লাখো মানুষ শহীদ হয়ে যাচ্ছি, এর কোনো খবর নাই; অথচ দুই ছেলের জন্য খালি বয়ান দেওয়া হচ্ছে।" এর প্রতিবাদ করে সাকা চৌধুরী বলেন,"আমি সোমবার বলেছিলাম অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবং আহম্মেদ আজম খান ম্যাডামের (খালেদা জিয়া) বক্তব্য বিকৃতভাবে মিডিয়ায় উপস্থাপন করে। ম্যাডাম শুধু দুই ছেলের নয় শেখ হাসিনাসহ সকল রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি করেন। আদালতে এসেও তিনি সাংবাদিকদের সামনে এই দাবি করেছেন।" তিনি আরো বলেন, "ম্যাডামের কথা বিকৃত করে ওই দুই আইনজীবী। তারা উদ্দেশ্যমূলকভাবে ম্যাডামকে হেয় করার জন্যই এটা করে। এর বাইরে আমি কোনো কথা বলিনি।" সাবেক এ সাংসদ বলেন, "গতকাল আমি ম্যাডামকে এই বিষয়টি বলেছি, এরপর ম্যাডাম মিডিয়ার সামনে কথা বলার জন্য দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট আব্দুর রেজাক খানকে দায়িত্ব দিয়েছেন।" পত্রিকাটি উল্লেখ করেছে, সাকা চৌধুরী যখন এ কথা বলেন তখন সেখানে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম উপস্থিত ছিলেন। এ বিষয়ে ব্যারিস্টার অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"প্রথম আলো যেভাবে রির্পোট করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সেভাবে বলেননি। তিনি শুধু দুইজন আইনজীবী ম্যাডামের বক্তব্য বিকৃত করে মিডিয়াতে বলেন এ অভিযোগ করেন। এ বাইরে কোনো কথা তিনি বলেননি।" এদিকে মঙ্গলবার পত্রিকারটির সংশ্লিষ্ট প্রতিবেদক আদালতে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানান। এ প্রসঙ্গে ওই প্রতিবেদক সাংবাদিকদের বলেন,"আমি যা লিখেছি এর স্বপক্ষে প্রমাণ আছে। সঠিক তথ্যই লেখা হয়েছে।" সাকা চৌধুরীর আইনজীবী রূহুল আমিন শেলি সাংবাদিকদের বলেন,"প্রথম আলোর ওই প্রতিবেদক সালাউদ্দিন চৌধুরীর কাছে বলেছেন, তিনি যেভাবে রির্পোট লিখেছিলেন, তার অফিস তা সেভাবে ছাপেনি।" বিশেষ জজ আদালত-৪ এ সম্পত্তির তথ্য গোপন ও অবৈধভাবে সম্পত্তি অর্জন করার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএ/১৭৫৭ ঘ.