২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ আ. লীগ প্রতিনিধিদলের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে

সংলাপে অংশ নিতে নয় সদস্যের প্রতিনিধিদলের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির সঙ্গে সরকারের এ সংলাপ কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তারিখ ও সময় পরে জানানো হবে। >> পুরো চিঠি পড়েত ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপে অংশ নিতে নয় সদস্যের প্রতিনিধিদলের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ। তবে দলটির সঙ্গে সরকারের এ সংলাপ কবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, তারিখ ও সময় পরে জানানো হবে। সোমবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান এবং উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রতিনিধিদের নামের তালিকা সম্বলিত চিঠিটি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। গত শনিবার আওয়ামী লীগর কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে সদস্যদের নাম চূড়ান্ত করা হয়। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধি দলে থাকছেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার দুপুর দুইটার পর আব্দুল মান্নান খান ও বি এম মোজাম্মেল হক প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলামের কাছে প্রতিনিধিদলের সদস্যদের নাম সম্বলিত চিঠিটি হস্তান্তর করেন। পরে অপেক্ষমান সাংবাদিকদের আব্দুল মান্নান খান বলেন, "সংলাপ ও নির্বাচনকে ফলপ্রসু করার জন্য আমরা সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ জন্য আমাদের প্রতিনিধি দলের নাম জানিয়ে গেলাম।" সরকারের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ কবে হবে তা এখনো চূড়ান্ত হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারিখ ও সময় পরে জানানো হবে।" গত ২৬ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় শেখ হাসিনাকে ছাড়া সংলাপে না যাওয়ার প্রস্তাব দেয় ৭২টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা। তৃণমূল নেতাদের মতামত পর্যালোচনা করে ২৮ মে হাসিনাকে ছাড়া সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আওয়ামী লীগ। গত ১১ জুন শেখ হাসিনা সাময়িক মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এ সিদ্ধান্তে অটল ছিল। হাসিনা মুক্তি পাওয়ার পর ওইদিনই দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৬১৬ ঘ.