ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার পুনরায় শুরু করার জন্য এ মামলার নথি সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এ পাঠানো হয়েছে।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হকের নির্দেশে বিশেষ জজ আদালতে মামলার নথি পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর সহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "গত বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হকের কাছে ওই মামলাটির কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারক মামলার নথি বিশেষ আদালতে পাঠিয়েছেন।"
এ আদালতে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে গত ৫ ফেব্র"য়ারি শেখ হাসিনা আদালত বদলের আবেদন করেন। ওইদিন মামলায় বাদি আজম চৌধুরীর নেওয়া জবানবন্দি বাতিলের জন্যও আবেদন করেন হাসিনা। তবে তা নাকচ করা হয়।
গত ৮ মে হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট এ মামলা বাতিলের রায় দিয়েছিল।
আপিল বিভাগের আদেশের সত্যায়িত কপি বিচারিক আদালতে না পৌঁছানোয় এতদিন মামলার কার্যক্রম বন্ধ ছিল।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলার অভিযোগপত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানাকেও আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
ওই বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই মামলাটি জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর বিরুদ্ধে হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ ফেব্র"য়ারি এ মামলা জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ এবং মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেয়। এরপর সরকার এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্র রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24