২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জুন থেকে আঞ্চলিক পর্যায়ে সংলাপ

২১ জুন থেকে আঞ্চলিক পর্যায়ে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২১ জুন থেকে আঞ্চলিক পর্যায়ে সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে এক বৈঠক শেষে হোসেন জিল্লুর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "আঞ্চলিক পর্যায়ে দুইটি জায়গায় সংলাপের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। ২১ তারিখ খুলনা এবং ২৮ তারিখ চট্টগ্রামে সংলাপ অনুষ্ঠিত হবে।" জিল্লুর বলেন, "রাজনৈতিক পর্যায়ে পরবর্তী সংলাপের আগে আমরা গোষ্ঠিগত ভাবে আরও দুটি সংলাপ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এগুলো হবে স্থানীয় সরকার পরিষদ প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে।" কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় এসব সংলাপ বড় আকারে করার ব্যাপারে সরকার চেষ্টা করছে জানিয়ে জিল্লুর রহমান বলেন, "সংলাপের মাধ্যমে নির্বাচনে পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। যাতে আস্থার পরিবেশ আরও উত্তরোত্তর সুদৃঢ় করা যায়।" জরুরি অবস্থা শিগগিরই প্রত্যাহার করে নেয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এজন্য আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে প্রধান করে একটি কমিটি গঠন করেছি।" বৈঠকে সংলাপের দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ গোলাম কাদেরও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫৩২ ঘ.