ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নির্বাচনী পরিবেশ' তৈরি হলে সংলাপে যাওয়ার বিষয়টি চিন্তা করবেন বলে জানিয়েছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে বিশেষ আদালত-৯ এর কাঠগড়ায় দাঁড়িয়ে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে খালেদা জিয়া তার অসুস্থ বন্দি দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে কাল বিলম্ব না করে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন চলমান সংলাপে বিএনপির অংশগ্রহনের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখালেও খালেদা জিয়ার বক্তব্যে দলের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সরকারের পক্ষ থেকেও বিএনপিকে সংলাপে নিয়ে আসতে তাদের দাবি পূরণের আভাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে বিশেষ আদালতে নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৮ আসামীকে হাজির করা হয়। এরপর বিচারক খোন্দকার কামাল উজ্জামান আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা স্থগিতের শুনানি গ্রহন করেন।
বিচারক পরবর্তী শুনানির দিন ১৬ জুন ধার্য করেন এবং স্থগিত আবেদনের বিষয়ে আদেশ দেবেন বলে জানান।
আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর খালেদা জিয়া আইনজীবী ও সাংবাদিকদের সামনে সরকারের প্রতি জরুরি অবস্থা প্রত্যাহার ও ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়ে বলেন,'' নির্বাচনে সকল দলে অংশগ্রহন নিশ্চিত করতে হলে পরিবেশ তৈরি করতে হবে সরকারকে। এজন্য জরুরি অবস্থা প্রত্যাহার চাই।''
সংলাপ সর্ম্পকে তিনি বলেন,'' নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা দেখব, চিন্তা করব। পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের।''
গ্রেপ্তার অভিযানের সমালোচনা করে বলেন তিনি,''এটা রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানি করার জন্য হয়েছে। সন্ত্রাসী ধরার নামে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।''
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ''আমি সন্ত্রাসীদের বিপক্ষে। আমার আমলেও সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ছাড় দেইনি। কিন্তু আজ সন্ত্রাসী ধরার নামে যা করা হচ্ছে, তা রাজনৈতিক হয়রানি।''
খালেদা জিয়া তার দুই ছেলের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে বলেন,'' তারা খুবই অসুস্থ। তাদের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। কালবিলম্ব না করে দ্রুত তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হোক। আইন সবার জন্য সমান হওয়া উচিৎ।"
তবে তিনি নিজে চিকিৎসার জন্য বিদেশে যাবেন না বলেও আবার জানান।
তিনি সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ওএমএস চালু, দরিদ্র মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহ, কৃষি খাতে ভূর্তকি বৃদ্ধির দাবিও জানান।
প্রায় দেড় ঘন্টা আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষ মামলাটি স্থগিত করার বিষয়ে পক্ষে-বিপেক্ষ মতামত ব্যক্ত করেন। খালেদা জিয়ার পক্ষে সাবেক অতিরিক্ত এর্টনি জেনারেল আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে আসামী পক্ষের আবেদনের বিরুদ্ধে যুক্তিতর্ক প্রদর্শন করে বক্তব্য রাখেন ছিলেন মোশাররফ হোসেন কাজল, মিজানুর রহমান, এস কে হাফিজ প্রমুখ।
এর আগে আদালতে অনুমতি নিয়ে আসামী সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ মামলাটি স্থগিত করার পক্ষে কথা বলেন। তিনি বলেন,'' নাইকো নিয়ে আরেকটি মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে করা হয়েছে। মামলা দুটির অভিযোগ ও প্রেক্ষাপট এক। কেবল আদালত ভিন্ন। তাই ওই মামলাটি(শেখ হাসিনা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম আদালত স্থগিত রাখতে পারেন।''
তিনি বলেন,'' মামলাটি হয়রানিমূলক। একজনকে গ্রেপ্তার করলে ভারসাম্যের জন্য আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা একজনকে দিলে অন্য জনের বিরুদ্ধেও হয়েছে। একজন এখন মুক্তি পেয়েছেন, আরেকজনও মুক্তি পাবেন বলে মনে করি। এভাবে ভারসাম্য করা হচ্ছে।''
আদালতের কার্যক্রম শেষে আইনজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর খালেদা জিয়াকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দিয়ে' রাষ্ট্রের ১৩ হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ৫ মে আদালতে অভিযোগপত্র দেয় কমিশন।
নাইকো মামলার মোট আসামী ১১জন। বৃহস্পতিবার হাজির হওয়া অন্য আসামিরা হলেন, সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া।
মামলায় ১১ আসামির মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ পলাতক রয়েছেন।
খালেদা জিয়াকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/জিএনএ/১৪৪০ ঘ.
bdnews24