ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সভানেত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে সংলাপ শুরু করবে আওয়ামী লীগ। বুধবার রাতে হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গোলাম কাদের, ইফতেখার আহমদ চৌধুরী ও হোসেন জিল্লুর রহমান রাত সোয়া ১০টার দিকে সুধা সদনে প্রবেশ করেছেন।
শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী ও সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে অবস্থান করছেন।
বিদেশে চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার দুপুরে সাময়িক মুক্তি দেয়া হয়। বৃহস্পতিবার সকালে তার বিদেশে যাওয়ার কথা রয়েছে।
রাত পৌনে ১০টায় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে সুধা সদনের বাইরে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন, সংলাপ একটি চলমান প্রক্রিয়া। তিনি দুই মাসের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন। তার অনুপস্থিতিতে জিল্লুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে সংলাপ শুরু করার প্রস্তাব করেছেন তিনি। দেশে ফেরার পর তিনি নিজে এ প্রক্রিয়ায় অংশ নেবেন। কার্যনির্বাহী সংসদ সর্বসম্মতভাবে নেত্রীর এ প্রস্তাব অনুমোদন করেছে।"
শেখ হাসিনাকে উদ্ধৃত করে সৈয়দ আশরাফুল বলেন, "দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা ঐক্যবদ্ধ থাকায় আমি সাময়িকভাবে বেরিয়ে আসতে পেরেছি।"
আশরাফুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাজেট প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সংসদের বাইরে বাজেট দেয়া গণতন্ত্রের রীতি নয়। কেবল সংসদই জনগণের ওপর কর বসাতে পারে। পর পর দুইবার এর ব্যত্যয় ঘটেছে। আগামীতে এ রকম ঘটুক তা তিনি চান না।
হাসিনা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি করেছেন বলেও আশরাফুল জানান।
তিনি বলেন, "নেত্রী মনে করেন, জরুরি অবস্থার মধ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসইউএম/কিউএইচ/জেকে/এমএইচবি/২২৪৬ ঘ.
bdnews24